টাইট বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ
নতুন উইকেটের ব্যবহার বাংলাদেশের বোলাররা কীভাবে করতে পারেন সেটি বড় একটি প্রশ্ন ছিল। ২২ গজে উত্তরটা বেশ ভালোই দিয়েছেন শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা। যদিও খুব বেশি উইকেট তুলে নিতে পারেননি। তবে টাইট বোলিংয়ে চেপে ধরেছেন নিউজিল্যান্ডের ব্যাটারদের।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
শুরু থেকেই কিপ্টে বোলিং করতে থাকে শরিফুল-তাসকিনরা। তার সুফল পেয়েছে প্রথম পাওয়ার-প্লেতেই। ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন শরিফুল। কেলির অফস্ট্যাম্প উড়িয়ে দেন বাংলাদেশি এই পেসার। ২৩ বলে ৭ রান করে ফেরেন এই কিউই ওপেনার নিক কেলি।
নিজের পরের ওভারেই দ্বিতীয় উইকেট পেয়ে যেতেন শরিফুল। ইনিংসের নবম ওভারে অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল খোঁচা মারেন উইল ইয়াং। বল স্লিপে সাইফের হাতে গিয়েছিল। কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি তিনি।
১৯তম ওভারে নাহিদ রানার বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছিলেন হেনরি নিকোলস। আম্পায়ার আঙুলও তুলে দিয়েছিলেন। কিন্তু নিকোলস রিভিউ নিলে দেখা যায় প্যাডে লাগার আগে বল ব্যাটে লেগেছিল। ফলে আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

স্পোর্টস ডেস্ক