অলিখিত ফাইনালের চাপেই কি বাংলাদেশ?
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই হেরে বসে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরায় ফিল সিমন্সের শিষ্যরা। তৃতীয় ম্যাচটি তাই রূপ নেয় অলিখিত ফাইনালে।
আগামী বছর অনুষ্ঠিত হবে ২০২৭ বিশ্বকাপ। সেখানে সরাসরি কোয়ালিফাই করতে হলে ঘরের মাঠে সিরিজ জয় মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশ-নিউজিল্যান্ডের এই সিরিজটিও ওয়ানডে সুপার লিগের অধীনে। তাই পয়েন্ট বাড়িয়ে রাখতে জয় চাই বাংলাদেশের।
অলিখিত ফাইনালে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৩২ রানের মাথায়ই হারায় তিন উইকেট। এর মধ্যে প্রথম ওভারে কোনো রান করেই উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। দেখে যেন মনে হচ্ছিল, অলিখিত সেই ফাইনালের চাপেই পড়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ওয়ানডেতে দায়িত্ব নিয়ে ৫৮ বলে ৭৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু এদিন ৫ বলে ১ রান করে মাত্র তৃতীয় ওভারেই উইল ও’রোর্কের শিকারে পরিণত হন তামিম। ফেরেন বোল্ড হয়ে।
তার আগেই অবশ্য ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় নেন আরেক ওপেনার সাইফ হাসান। ও’রোর্কের বলেই তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে টম লাথামের হাতে। দলীয় রান তখনো শূন্য।
তিন নম্বরে নেমে শুরুটা ভালোই করেছিলেন সৌম্য সরকার। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না তিনিও। সৌম্যও শিকার হলেন সেই ও’রোর্কের বলেই। এই সিরিজে সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি। এর আগে দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১১ বলে ৮ রান।

স্পোর্টস ডেস্ক