সৌম্যর ফেরা, প্রতিপক্ষের প্রশংসা
বিপিএলে শেষ কবে বড় ইনিংস খেলেছেন সৌম্য সরকার, তা খুঁজতে ফিরে যেতে হবে চার বছর পেছনে। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরে ২০১৫ সালে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। মাঝে কেটে গেছে চার বছর। এতদিন পর অবশেষে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি এই ওপেনার।
আজ শনিবার কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ৪৮ বলে ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সৌম্য। প্রথমে ৩৬ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন বাঁহাতি এই ওপেনার। অবশ্য তাতেও জেতেনি কুমিল্লা। বাকিদের ব্যর্থতায় রাজশাহীর কাছে ১৫ রানে হেরেছে তাঁর দল।
সৌম্যর বড় ইনিংসের প্রশংসা করেছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় আফিফ হোসেন। জাতীয় দলের এই সতীর্থ মনে করেন, আর কয়েক ওভার থাকলে ম্যাচের পরিস্থিতিই পাল্টে দিতে পারতেন সৌম্য। তাঁর কথায়, ‘সৌম্য ভাই দারুণ ইনিংস খেলেছেন। আর দুই-এক ওভার থাকলে ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারতেন।’
অবশ্য সৌম্যর এমন ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বিশ্বাস হারায়নি রাজশাহী। কারণ কুমিল্লার হয়ে সৌম্য ছাড়া ব্যাট হাতে বাকিরা ছিলেন ব্যার্থ। শেষ দুই ওভারে কুমিল্লার দরকার ছিল ৫৬ রান। ওভার প্রতি ২৮ রান। সৌম্যর একার ব্যাটে যেটা তোলা ছিল অসম্ভব। আফিফের কথায়, ‘উনি(সৌম্য) যখন আক্রমণাত্মক খেলেছেন তখন রান রেট অনেক বেশি ছিল। এই অবস্থা থেকে ম্যাচ বের করতে হলে প্রতি ওভারে ২৫-৩০ রান করতে হতো। আমাদেরও ভালো বোলার ছিল। তাই আত্মবিশ্বাস ছিল যে এত রান দিবে না। দিন শেষে সেটাই হয়েছে।’
জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন সৌম্য। বিপিএলেও নিয়মিত মুখ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে এতদিন ধরে বিপিএল খেলা সৌম্যর সর্বোচ্চ রান ৫৮। যেটা ২০১৫ বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। অবশেষে দীর্ঘদিন পর বিপিএলে আরেকবার ব্যাট হাতে জ্বলে উঠলেন বাঁহাতি এই ওপেনার।

ক্রীড়া প্রতিবেদক