গলের সেই ‘ঐতিহাসিক’ মাঠে মুশফিক
চার বছর আগে ঠিক এই মাসেই দারুণ একটি ইতিহাস গড়েছিলেন তিনি। বাংলাদেশ দলের হয়ে সর্বপ্রথম টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন। মাঠও ছিল এটি, শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দীর্ঘদিন পর সেই মাঠে খেলতে গেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে এই মাঠেই হবে সিরিজের প্রথম টেস্ট।
সেই মাঠে আবার খেলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে গেছেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আবার সেই গলে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।’
আর টুইটারে মুশফিক নিজের ছবি পোস্ট করে আরেকটু বাড়িয়ে ক্যাপশনটি লিখেছেন, ‘ঐতিহাসিক গল স্টেডিয়ামে।’
আসলেও তাই, এই গল স্টেডিয়াম শুধু মুশফিকের জন্যই নয়, বাংলাদেশের জন্যও ঐতিহাসিক বটে। এই মাঠে তাঁর ২০০ রানের সঙ্গে মোহাম্মদ আশরাফুলের ১৯০ ও নাসির হোসেনের ১০০ রানে বাংলাদেশ তুলেছিল ৬৩৮ রান। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। গল স্টেডিয়ামেরও সর্বোচ্চ দলীয় স্কোর এটি।
তা ছাড়া সেই টেস্টে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে পঞ্চম উইকেটে মুশফিকের জুটি ছিল ২৬৭ রানের। তখন পর্যন্ত এটিই ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। অবশ্য পরে দুটি ঐতিহাসিক জুটি গড়ে বাংলাদেশ। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের (৩১২) জুটি এবং এ বছর জানুয়ারিতে ওয়েলিংটনে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৩৫৯ রানের জুটি।
গলে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু হবে ৭ মার্চ। আর কলম্বোয় দ্বিতীয় টেস্ট ১৫ থেকে ১৯ মার্চ।

ক্রীড়া প্রতিবেদক