বাংলাদেশ দলে চার পেসার!
১৯৮৬ সালের এশিয়া কাপে বাংলাদেশের ওয়ানডে অভিষেক হয়েছিল। ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ চার পেসার নিয়ে খেলার ‘বিলাসিতা’ দেখিয়েছিল। সেই চার পেসার হলেন জাহাঙ্গীর শাহ বাদশা, গোলাম ফারুক সুরু, গোলাম নওশের প্রিন্স ও সামিউর রহমান। যদিও সেই ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন বাংলাদেশ, মাত্র ৯৪ রানে অলআউট হয়ে হার মেনেছিল ৭ উইকেটে।
অভিষেকের দুই দিন পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষেও সেই চার পেসারকে নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। সেদিনও হারের ব্যবধান ছিল ৭ উইকেট। নব্বইয়ের দশকেও কয়েকটি ম্যাচ চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। কিন্তু স্পিনারদের দাপটে চার পেসার ‘তত্ত্ব’ হারিয়েই যেতে বসেছিল। অনেক দিন পর চারজন পেসারকে নিয়ে বাংলাদেশ একাদশ সাজিয়েছে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৩০৪তম ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ দলে চার পেসারের ‘সমাহার’। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে যোগ দিয়েছেন অভিষিক্ত বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
চারজন পেসারের জন্যই বাংলাদেশ দলে কোনো ‘বিশেষজ্ঞ’ স্পিনার নেই। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাঁ-হাতি স্পিনের সঙ্গে মাশরাফির দলকে নির্ভর করতে হবে সাব্বির রহমানের অফস্পিনের ওপরে। আক্রমণাত্মক ব্যাটসম্যান সাব্বির অবশ্য ‘অনিয়মিত’ স্পিনার।
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে চারজন পেসার খেলানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে চমকজাগানো। ‘টিম ইন্ডিয়া’ কিন্তু তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক