দেশে ফিরেছেন মাশরাফিরা
শ্রীলঙ্কায় একটা স্মরণীয় সফর শেষে দেশে ফিরেছেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। আজ সকালেই তাঁরা পা রেখেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সে সময় বাংলাদেশের ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা।
এবারের শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। সেটিও নিজেদের শততম টেস্ট ছিল বলে জয়ের উল্লাসটাও বেড়ে গিয়েছিল কয়েকগুণে। সেই ম্যাচটি জয়ের ফলে এবারই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারতে হয়নি বাংলাদেশকে। সিরিজটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।
একই ফলাফল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটাই বাংলাদেশ করেছিল দাপুটে এক জয় দিয়ে। পরের ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। আর সিরিজের তৃতীয় ম্যাচে জিতে সমতা ফিরিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই অবশ্য হারের মুখ দেখতে হয়েছিল বাংলাদেশকে। তবে গতকাল দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মাশরাফি-সাকিবরা পেয়েছেন ৪৫ রানের দাপুটে জয়।
টি-টোয়েন্টি সিরিজের আগে অবসরের ঘোষণা দিয়ে সব আলো অবশ্য কেড়ে নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষেই তিনি খেলে ফেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি সিরিজ। আর শেষ ম্যাচে জয় দিয়ে বিদায়ী ম্যাচটা স্মরণীয়ও করে রেখেছেন দারুণভাবে।

স্পোর্টস ডেস্ক