সাকিব-মুস্তাফিজবিহীন কলকাতা-হায়দরাবাদের জয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ রানে হারিয়েছে আসরের বর্তমান শিরোপাধারীরা। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট ১৫৯ রান সংগ্রহ করে হায়দরাবাদ। এই ম্যাচেও দলের বাইরে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জবাবে ১৯.৪ ওভারে জয় থেকে ৫ রান দূরে থাকতেই অলআউট হয় কিংস ইলেভেন।
গতকাল সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের প্রায় কাছেই চলে আসে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। জয়ের জন্য শেষ দুই ওভারে দরকার ছিল মাত্র ১৬ রান। তবে প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতিয়ে দিয়েছেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় এই পেসার তাঁর ১৮তম ওভারে ৫ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। যার মধ্যে ছিল ৯৫ রান করা মানান ভোহরার উইকেটটিও। এর আগে আমলা, ম্যাক্সওয়েলের উইকেটসহ আরো তিনটি উইকেট নেন ভুবি। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতে ১৫৪ রানে অলআউট হয় পাঞ্জাব।
পাঞ্জাবের হয়ে ভোহরা ছাড়া ১৩ রান করেন ইয়ন মরগান। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ও মোহিত শর্মা ১০ রান করেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এ ছাড়া রশিদ খান দুটি উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে স্লো পিচে রানের জন্য লড়াই করতে হয়েছে হায়দরাবাদকেও। ধাওয়ান, যুবরাজ, হেনরিকসের ব্যর্থতার দিন ব্যাট হাতে সফল ছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৫৪ বলে করেন অপরাজিত ৭০ রান। এ ছাড়া নোমান ওঝা করেন ২০ বলে ৩৪ রান।
দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে সাকিবহীন কলকাতা নাইট রাইডার্স। এক বল বাকি থাকতেই দিল্লি ডেয়ারডেভিলসকে ৪ উইকেটে হারায় শাহরুখ খানের দল। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে দিল্লি। সঞ্জু স্যামসন ৩৯ ও ঋশব পান্ট ৩৮ রান করেন। জবাবে ১৯.৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে জয় পায় কেকেআর। ৪৯ বলে ৬৯ রান করেন মনিশ পান্ডে। এ ছাড়া ৩৯ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৯ রান করেন ইউসুফ পাঠান।

স্পোর্টস ডেস্ক