বৃথা গেল জুনায়েদ সিদ্দিকীর শতক
জিতেই চলছে আবাহনী লিমিটেড। প্রথম ম্যাচে খেলাঘরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পারটেক্সকেও হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩২ রানে হারাল তারকাখচিত দলটি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উদয় কোল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের পর শুভাগত হোমের দারুণ ব্যাটিংয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান করে আবাহনী। জবাবে জুনায়েদ সিদ্দিকী ১১৪ রানের ঝলমলে ইনিংস খেললেও দলের পরাজয়টা এড়াতে পারেননি।
ফতুল্লায় টস জিতে ব্যাটিং করতে নেমে ১৭ ওভারেই ৯৬ রান তুলে নেন উদয় কোল ও লিটন দাসের উদ্বোধনী জুটি। মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন লিটন। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন ভারতীয় ব্যাটসম্যান কোল। হাফ সেঞ্চুরি বঞ্চিত হন শান্তও। ৪৯ রান করে অলক কাপালির বলে ধরা পড়েন তিনি। সেঞ্চুরি পাননি উদয় কোল। ব্যক্তিগত ৯৪ রান করে রান আউট হন তিনি। দলীয় ২২৯ রানে কোল আউট হওয়ার পর দ্রুতই বিদায় নেন মোসাদ্দেক হোসেন সৈকত। লোয়ার অর্ডারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোমের দারুণ ব্যাটিংয়ে ৩২৭ রানের বড় পুঁজি পায় আবাহনী। মাহমুদউল্লাহ ৪৯ ও শুভাগত ৪৪ রান করেন।
৩২৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্রার্দাস ইউনিয়ন। তবে অপরপ্রান্তটা সামলে রাখেন জুনায়েদ। মিজানুর রহমান (৪২), মাইশুকুর (২৮) ও ফরহাদ হোসেন (২৬) ছাড়া আর কেউই সঙ্গ দিতে পারেননি জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। শেষের দিক নেহাদুজ্জামান ৪১ রান করলেও দলের ৩২ রানের এড়ানোর জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৫ রান তোলে ব্রার্দাস। ১১২ বলে ১১৪ রান করেন জুনায়েদ সিদ্দিকী।

স্পোর্টস ডেস্ক