ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ সোতসোবে
স্পট ফিক্সিং-কাণ্ডে নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক পেসার লনওয়াবো সোতসোবে। বাঁহাতি এই পেসারকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্লাম টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন সোতসোবে। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ গড়াপেটার জন্য জুয়াড়িদের কাছ থেকে অর্থ নিয়েছিলেন। এ ছাড়া তাঁর ব্যাংক অ্যাকাউন্টে থাকা বেশ কিছু অর্থের সুনির্দিষ্ট হিসাব দিতে ব্যর্থ হয়েছেন তিনি। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক নিষিদ্ধ করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
স্পট ফিক্সিং রুখতে বেশ ভালোভাবেই মাঠে নেমেছে দক্ষিণ আফিকা ক্রিকেট কর্তৃপক্ষ। এর আগে গত ডিসেম্বরে তথ্য গোপন করার অভিযোগে নিষিদ্ধ করা হয় আলভিরো পিটারসেনকে। সরাসরি ম্যাচ গড়াপেটা করায় ২০ বছরের জন্য নিষিদ্ধ হন সাবেক স্পিনার গোলম বদি। একই অভিযোগে সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান সলেকালেকেও নিষিদ্ধ করে দক্ষিণ আফ্রিকা।
৩৩ বছর বয়সী সোতসোবে প্রোটিয়াদের হয়ে পাঁচটি টেস্ট, ৬১ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। আগামী ১৪ দিনের মধ্যে নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবেন এই পেসার।

স্পোর্টস ডেস্ক