প্রস্তুতিটা ভালোই হলো বাংলাদেশের
ব্যাট হাতে মুশফিকুর রহিমের ঝড়ো শতক, সৌম্য সরকারের ৭৩, ব্যাট হাতে ভালো করেছেন ইমরুল কায়েস ও নাসির হোসেন। তাই বলা যায় ত্রিদেশীয় সিরিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের প্রস্তুতি পর্বটা ভালোই চলছে। ডিউক অব নরফোকের বিপক্ষে ব্যাটিংয়ে আস্থার ছাপ রেখেছেন ব্যাটসম্যানরা। গতকাল সফরের প্রস্তুতি ম্যাচে মুশফিক-সৌম্যদের ব্যাটিং ডিসপ্লের দিন ৩৪৫ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ভালো জবাব দিচ্ছিল ডিউক অব নরফোক। ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান তুলেছে দলটি। এরপর বৃষ্টি শুরু হলে খেলা মাঠে গড়ায়নি।
এর আগে টস জিতে ডিউক অব নরফোকের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করতে থাকেন টাইগাররা। দারুণ ব্যাটিং করতে থাকেন টাইগার ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। ইমরুল ৪৪ রান করে আউট হলেও ৭৩ রান করেন সৌম্য। ৪০ বলে সাতটি চারে ৪৪ রান করেন ইমরুল। আর সৌম্য ৭৩ রান করেন ৬৪ বলে। সাতটি চার ও একটি ছক্কা হাঁকান বাহাতি এই ব্যাটসম্যান।
এরপর বাংলাদেশের ইনিংসে খানিকটা বিপর্যয় দেখা দেয়। সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ খুব বেশি রান না করেই ফিরে আসেন। এরপর নাসির হোসেন আস্থার সঙ্গে শুরু করলেও নিজের ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেননি তিনি। ২৬ রান করেন তিনি।
তবে উইকেটে এসে নিজের মতো ব্যাটিং করতে থাকেন মুশফিকুর রহিম। দুর্দান্তভাবে খেলতে থাকা মুশফিক ৫৪ বলে অর্ধশত রান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৯৮ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টাইগার অধিনায়ক। ১৪টি চার ও একটি ছক্কা হাঁকান মুশি। শেষ দিকে অধিনায়ককে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। ৩৪ বলে ৩১ রান করেন এই অলরাউন্ডার।
স্ত্রীর অসুস্থতার কারণে দেশে ফিরে এসেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে তাঁর অনুপস্থিতিতে বিসিবি একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএলের কারণে দলের সঙ্গে না থাকায় প্রস্তুতি ম্যাচে ছিলেন না এই দুই তারকা। প্রথম প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালকেও বিশ্রাম দেওয়া হয়।
দলের সেরা চার তারকা না থাকলেও ব্যাটিংয়ে কিন্তু দারুণ করেছে বাংলাদেশ। বোলাররা যথেষ্ট সুযোগ না পেলেও মুস্তাফিজ-সাকিব-মাশরাফিরা পরীক্ষিত। ৫ মে সেই ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ সাসেক্স একাদশ। আশা করা হচ্ছে, সেই ম্যাচে মাশরাফি দলের সঙ্গে থাকবেন। অধিনায়কের উপস্থিতি নিশ্চিতভাবে দলকে আরো সংঘবদ্ধ করবে। আর ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে যেহেতু সাকিব-মুস্তাফিজরা ফিরবেন তাই আয়ারল্যান্ডে পুরো শক্তির বাংলাদেশকেই পাওয়া যাবে।

স্পোর্টস ডেস্ক