আবারও ৯৯-এ আটকা মিসবাহ
মাত্র একটি রান। তাহলেই ছুঁতে পারেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা। পূর্ণ করতে পারেন শতক। কিন্তু সেটাই যেন আর হয়ে ওঠে না মিসবাহ উল হকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্ট সিরিজে আবারও ৯৯-এর ঘরেই আটকা পড়েছেন পাকিস্তানের অধিনায়ক।
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন ৪২ বছর বয়সী মিসবাহ। বিদায়ী সিরিজটাতেও দারুণ ব্যাটিং করে চলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। প্রথম টেস্টে পাকিস্তানের সাত উইকেটের দারুণ জয়ের অন্যতম কারিগর ছিলেন মিসবাহ। কিন্তু ব্যক্তিগত পরিসংখ্যানের হিসেব করতে বসলে কিছুটা হতাশই হতে হবে ডানহাতি এই ব্যাটসম্যানকে। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেও ৯৯ রানে থেমে যেতে হয়েছিল মিসবাহকে। না, তাঁকে শেষপর্যন্ত আউট করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। সঙ্গীর অভাবে মাত্র এক রানের আক্ষেপ নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন পাকিস্তান অধিনায়ক।
সিরিজের দ্বিতীয় টেস্টেও আবার মিসবাহ পড়েছেন সেই ৯৯-এর ফাঁদে। এবার অবশ্য আউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। তবে বারবাডোস টেস্টে মিসবাহর এই দারুণ ইনিংসটিতে ভর করেই পাকিস্তান পেয়েছে ৮১ রানের লিড। জাগিয়েছে সিরিজ জয়ের আশা। তৃতীয় দিনের খেলায় ৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে একটি উইকেট। দিনশেষে তাদের স্কোর : ৪০/১। এখনো ক্যারিবীয়রা পিছিয়ে আছে ৪১ রানের ব্যবধানে।
টেস্টে ৯৯ রানে আউট হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা অবশ্য আগেও হয়েছে মিসবাহর। ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি পড়েছিলেন ৯৯-এর ফাঁদে। এ ছাড়া দুইবার ৯৭ ও ৯৬ রানে আউট হয়ে শতক পূর্ণ করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক