ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি সাবেক ইংলিশ অধিনায়কের
ভারত-পাকিস্তানের বৈরী রাজনৈতিক সম্পর্ক গড়িয়েছে খেলার মাঠেও। গত এশিয়া কাপ থেকে টস শেষে ‘হ্যান্ডশেক’ করেন না দুই দলে অধিনায়করা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে একই চিত্র। জাতীয় দল থেকে এটি গড়িয়েছে নারী দল কিংবা বয়স ভিত্তিক দলেও, জারি আছে ‘নো হ্যান্ডশেক’ রুলস।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন কাণ্ড নিয়ে ক্রিকেটীয় স্পিরিট লঙ্ঘনের অভিযোগ ওঠেছে বারবার। ক্রিকেট বিশ্বে সমালোচিতও হয়েছে ভারত-পাকিস্তানের এই ‘নো হ্যান্ডশেক’ রুলস। তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার দাবি করলেন, ভারত-পাকিস্তানের মাঠের এই বৈরী সম্পর্ক নাকি বদলে যায় আড়ালে গেলেই।
‘স্টিক টু ক্রিকেট’ নামের এক পডকাস্ট অনুষ্ঠানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের নানা বিষয়ে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক চার তারকা ক্রিকেটার– মাইকেল ভন, অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড ও ফিল টাফনেল। সেখানেই এমন দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।
সাবেক চার ইংলিশ ক্রিকেটারের আলোচনার এক পর্যায়ে ওঠে আসে ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ। তখন টাফনেল বলেন, ‘সাহস করে বলি– ভারতের বিপক্ষে পাকিস্তানের ঠিক মেলে না, তাই না?’
এরপর ভন বলেন, ‘আমার দৃষ্টিতে বিষয়টা এমন– ক্রিকেট মাঠে নামলেই পাকিস্তানকে মনে হয় তারা ভারতকে দেখে ভয় পাচ্ছে। দুই দলের মাঝে পুরো পরিস্থিতি তিক্ততাপূর্ণ। এটি দুঃখজনক যে, ক্রিকেট মাঠে (তারা পরস্পর) হাত মেলায় না।’
অ্যালিস্টার কুক এরপরই চাঞ্চল্যকর দাবি করে বসেন। তিনি বলেন, ‘তারা কি দরজার আড়ালেও কথা বলে না? আমি কোথাও পড়েছি যে, তারা আড়ালে ঠিকই কথা বলে। এটি অনেকটা লোকদেখানো আচরণ, তাই না? মাঠে তারা হাত মেলাবে না। কিন্তু আড়ালে তারা পরস্পর কথা বলবে, আড্ডা দেবে এবং তাদের সম্পর্কটাও ঠিকঠাক।’

স্পোর্টস ডেস্ক