অবশেষে ঘোষণা হলো ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষ সময় ছিল গত ২৫ এপ্রিল। অন্য সব দেশ নির্ধারিত সময়ের মধ্যেই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেও ভারত এই ডেটলাইন উপেক্ষাই করেছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে তারা আদৌ অংশ নেবে কি না, তা নিয়েও চলছিল অনিশ্চয়তা। তবে সব নাটকীয়তা শেষে ঘোষণা করা হয়েছে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল।
গতকাল রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছিল যে তারা অংশ নেবে চ্যাম্পিয়নস ট্রফিতে। তার একদিন পরে, আজ সোমবার ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের চূড়ান্ত দল।
ভারতের এই দলে চমক হিসেবে এসেছে মনিশ পান্ডের নাম। গত বছরের অক্টোবরের পর আর কোনো ওয়ানডে ম্যাচ না খেললেও ১৫ সদস্যের চূড়ান্ত দলে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আরেক টপঅর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মাও।
ইনজুরির কারণে চলমান আইপিএলে খেলতে না পারলেও চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে অন্য সব দলের মতো ভারতও বোলিং আক্রমণের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে পেসারদের। চার পেসারের দলে আছেন ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, উমেশ যাদব ও মোহাম্মদ সামি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডেও।
আগামী ৪ জুন এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। গ্রুপ পর্বে তাদের অপর দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, মনিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, উমেশ যাদব ও মোহাম্মদ সামি।

স্পোর্টস ডেস্ক