ত্রিদেশীয় সিরিজের আগে বড় জয়ের সুখস্মৃতি
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগের রাস্তাটা বেশ নির্বিঘ্নে পার করছে বাংলাদেশ। কন্ডিশনিং ক্যাম্প থেকে শুরু করে আয়ারল্যান্ড সফর পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ভালোভাবে উতরে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটাতে ব্যাটসম্যানদের ঝড়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ১৯৯ রানের জয় পেয়েছে লাল-সবুজের দল। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ৩৯৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৪১.২ ওভারে ১৯৫ রানে গুটিয়ে স্বাগতিক দলটি।
প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের সব ব্যাটসম্যানই রানের দেখা পেয়েছেন। ওপেনার সৌম্য সরকার ছাড়া আউট হওয়ার আগে সবাই করেছেন ৩০-এর বেশি রান। উদ্বোধনী জুটিতে ৪৪ রান জমা করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও নবম ওভারে সৌম্য আউট হয়ে যান ১৭ রান করে। আরেক ওপেনার তামিম অবশ্য ব্যাটিং করে যান দৃঢ়তার সঙ্গে। ২৩তম ওভারে সাজঘরে ফেরার আগে খেলেছেন ৭৪ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস। মেরেছেন ১৪টি চার ও দুটি ছয়। দ্বিতীয় উইকেটে সাব্বির-তামিমের জুটি থেকে এসেছিল ১০৩ রান।
তামিম আউট হয়ে যাওয়ার পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে নেতৃত্বের ভারটা নিয়েছিলেন সাব্বির। ৪০ ওভার পর্যন্ত উইকেটে থেকে আইরিশ বোলারদের নাজেহাল করে ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৮৬ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলে স্বেচ্ছা অবসর নিয়ে মাঠ ছাড়েন তিনি। মেরেছেন ১৬টি চার ও একটি ছয়। পাঁচটি চার ও দুটি ছয় মেরে সাকিব আল হাসানও করেছেন ২৭ বলে ৪৪ রান।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৩১ রান। শেষ পর্যায়ে ব্যাটে ঝড় তুলেছিলেন বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। ২৪ বলে ৪১ রানের ইনিংস আসে মুশফিকের ব্যাট থেকে। মাহমুদউল্লাহ করেন ৩১ বলে ৪৯ রান। ৮ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৩৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধীরগতির ব্যাটিং করতে থাকে আয়ারল্যান্ডের দলটি। ১০ ওভারে ৫১ রান করার পর স্বাগতিক ইনিংসে জোড়া আঘাত হানেন রুবেল হোসেন। একটা প্রান্ত আগলে রাখেন ওপেনার জ্যাক টেকটর (৬০)। তবে তাতে খুব একটা কাজ হয়নি। কারণ, সাকিব ও মুস্তাফিজ তাঁদের এক ওভারে দুটি করে উইকেট নিয়ে আইরিশদের প্রতিরোধ ভেঙে দেন। উলভসরা তাদের শেষ চার উইকেট হারায় ২ রানের ব্যবধানে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সাকিব ও মুস্তাফিজ, রুবেল ও মাশরাফি।
আগামীকাল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ১৯৯ রানের জয়টা দারুণ আত্মবিশ্বাসী করে তুলছে মাশরাফির দলকে।

স্পোর্টস ডেস্ক