ভিনিসিয়াসকে ‘বানর’ বলার অভিযোগ আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে
চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয় ছাপিয়ে এখন আলোচনায় মাঠের বাইরের অপ্রীতিকর ঘটনা। রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ উঠেছে বেনফিকার আর্জেন্টাইন খেলোয়াড় জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে। আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বিস্ফোরক তথ্য দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতের ম্যাচে ভিনিসিয়াসের একমাত্র গোলে রিয়াল জিতলেও, ম্যাচের একটি পর্যায়ে বর্ণবাদের অভিযোগ তুলে খেলা বন্ধ করে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রায় ১০ মিনিট ম্যাচ বন্ধ থাকে।
ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিলিয়ান এমবাপ্পে জানান ঠিক কী ঘটেছিল সেই মুহূর্তে। ফরাসি এই তারকা দাবি করেন, বেনফিকার ২৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রেস্তিয়ান্নি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিনিসিয়াসকে অপমান করেছেন।
এমবাপ্পে বলেন, “আমি পরিষ্কার দেখেছি, প্রেস্তিয়ান্নি নিজের জার্সিতে মুখ ঢেকে ভিনিকে পাঁচবার ‘বানর’ বলে ডেকেছে। ফুটবলের মতো সুন্দর খেলায় এমন দৃশ্য দেখা সত্যিই ভয়ংকর। সে হয়তো জার্সির আড়ালে মুখ লুকাতে চেয়েছিল, কিন্তু তার চেহারা মিথ্যা বলছিল না।”
বর্ণবাদী আচরণের বিরুদ্ধে উয়েফাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এমবাপ্পে। তিনি মনে করেন, এমন ফুটবলারের পেশাদার মাঠে খেলার কোনো অধিকার নেই। এমবাপের ভাষ্যমতে, ‘আমাদের খেলা দেখে শিশুরা অনেক কিছু শেখে। তাদের সামনে আমাদের ভালো উদাহরণ তৈরি করতে হবে। এই ধরনের আচরণ অসহনীয়। আমি আশা করব উয়েফা এমন শাস্তি দেবে যেন ভবিষ্যতে কেউ আর এমন সাহস না পায়।’
বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার পর মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন ভিনিসিয়াস। অথচ এর কিছুক্ষণ আগেই দুর্দান্ত এক গোল করে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন তিনি। সতীর্থের এমন অবস্থায় পুরো রিয়াল মাদ্রিদ দল তাঁর পাশে দাঁড়িয়েছে। বেনফিকা ক্লাব বা তাদের কোচের বিরুদ্ধে কোনো ক্ষোভ না থাকলেও, নির্দিষ্ট ওই খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় রিয়াল শিবির।

স্পোর্টস ডেস্ক