চূড়ান্ত হয়েছে নারী বিপিএল শুরুর সময়
প্রথমবারের মতো আলোর মুখ দেখতে চলেছে নারী বিপিএল। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নারী বিপিএল শুরুর দিনক্ষণও জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪ এপ্রিল শুরু হবে নারীদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। পর্দা নামবে ১৪ এপ্রিল।
দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভেন্য হিসেবে ঢাকা ও চট্টগ্রামকে বেছে নিয়েছে বিসিবি। স্টেডিয়ামের নাম আনুষ্ঠানিকভাবে না জানালেও সেই ভেন্যু দুটি হতে পারে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
প্রথমবারের মতো নারীদের নিয়ে দেশে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। তিন দলের টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের খেলোয়াড় ও উঠতি প্রতিভারা। ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
কেবল দেশি খেলোয়াড় নয়, বিদেশিরাও খেলতে পারবেন। বিসিবির অনুমতি নিয়ে বিদেশিদের দলে নেওয়া যাবে। এতে টুর্নামেন্টে প্রতিযোগিতা বাড়বে বলে বিশ্বাস বিসিবির।

স্পোর্টস ডেস্ক