বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগগুলো নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন-২০২৫ এ ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একটি তদন্ত কমিটি গঠন করার অনুমতি দিয়েছেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি চার সদস্য হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. নাসিরুক ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।
কমিটি গঠনের পর আগামী ১৫ দিনের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন।

ক্রীড়া প্রতিবেদক