নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তিনি আর নতুন চুক্তি করতে চান না। ফলে নির্বাচকের পদ শূন্য হয়ে পড়েছে। সেই শূন্যতা পূরণে নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।
আজ রোববার (১ মার্চ) দুটি শূন্য পদের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে বিসিবির কাছে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে নির্বাচক হওয়ার জন্য কিছু বিশেষ শর্ত দেওয়া হয়েছে। আবেদনকারীদের অবশ্যই জাতীয় দলের সাবেক ক্রিকেটার হতে হবে। প্রথম শ্রেণি এবং লিস্ট 'এ' ম্যাচ মিলিয়ে অন্তত ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সঠিক খেলোয়াড় বাছাইয়ের বিচারিক ক্ষমতা, ক্রিকেটীয় প্রজ্ঞা এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
নির্বাচিত ব্যক্তিরা প্রাথমিকভবে দুই বছরের জন্য নিয়োগ পাবেন। তাদের প্রধান কাজ হবে- জাতীয় দল এবং 'এ' দলের খেলোয়াড় নির্বাচন করা। এছাড়া ঘরোয়া ক্রিকেটের পাইপলাইনে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের ওপর নজর রাখা।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ এ মাসেই শেষ হওয়ার কথা থাকলেও বোর্ড তা এক মাস বাড়িয়ে মার্চ পর্যন্ত করেছে। লিপু আর দীর্ঘমেয়াদে চুক্তিতে আগ্রহী নন বলে আগেই বোর্ডকে জানিয়েছিলেন। অন্যদিকে, নির্বাচক আব্দুর রাজ্জাক বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত অক্টোবরে পদত্যাগ করেছিলেন।
লিপু ও রাজ্জাকের স্থলাভিষিক্ত করতেই এখন দুজনকে খুঁজছে বিসিবি। নিয়োগ পাওয়া দুজনের মধ্যে একজন হবেন প্যানেলের প্রধান নির্বাচক।

স্পোর্টস ডেস্ক