পয়েন্ট হারালেই শেষ ম্যানসিটি
একদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াই, অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন— সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে ম্যানচেস্টার সিটি। তবে, আজ রাতে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচটিকে সবেচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কোচ পেপ গার্দিওলা। তার মতে, আজ পয়েন্ট হারালেই শিরোপার দৌড় থেকে ছিটকে যেতে পারে সিটি।
আজ শনিবার (১৪ মার্চ) দিনগত রাত ২টায় মাঠে নামবে গার্দিওলার শিষ্যরা। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে পিছিয়ে আছে ম্যানসিটি। তাদের হাতে আছে আর ৯টি ম্যাচ। ফলে প্রতিটি ম্যাচই এখন সিটির জন্য বাঁচা-মরার লড়াই।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে ম্যানসিটি। আগামী বুধবার (১৮ মার্চ) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগ। তার আগে আজকের লিগ ম্যাচ নিয়েই বেশি চিন্তিত গার্দিওলা।
সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘লিগে অবস্থান ধরে রাখতে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমন অবস্থায় আছি, যেখানে এক ম্যাচ হারলেই শিরোপার আশা শেষ হয়ে যাবে।’
সিটির প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম পয়েন্ট টেবিলের রেলিগেশন জোনে রয়েছে। নুনো এসপিরিতোর দল লিগে টিকে থাকতে আপ্রাণ চেষ্টা করছে। গার্দিওলা মনে করেন, তলানির দলগুলোও এখন ভয়ংকর।
সিটি কোচ যোগ করেন, ‘মৌসুমের শেষ ১০ ম্যাচে প্রতিটি দলই কোনো না কোনো লক্ষ্যের জন্য খেলে। ওয়েস্ট হ্যাম রেলিগেশন এড়াতে খেলছে, আর আমরা খেলছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই।’
সিটির জন্য এই সপ্তাহটি অগ্নিপরীক্ষার মতো। আজ রাতে ওয়েস্ট হ্যামের লড়াই শেষ করেই তাদের নামতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এরপরই রয়েছে কারাবাও কাপের ফাইনাল এবং পরবর্তী সপ্তাহে আর্সেনালের বিপক্ষে সেই মহাগুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচ।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে বিধ্বস্ত হওয়ার পর গার্দিওলার দল নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এ প্রসঙ্গে স্প্যানিশ এই কোচ বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে অনেকবার হেরে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। আমার সিদ্ধান্ত নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমি আমার অবস্থানে অটল আছি। হেরেছি বলেই আমি কাউকে সন্তুষ্ট করার জন্য মিথ্যে অজুহাত দেব না।’
গত মৌসুম ট্রফিবিহীন কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। এবার অন্তত ভালো অবস্থানে থেকে লিগে শিরোপার লড়াইয়ে আছেন, তাতেই কিছুটা সন্তুষ্ট গার্দিওলা।

স্পোর্টস ডেস্ক