ইংলিশ প্রিমিয়ার লিগ
শিরোপার লড়াইয়ে আর্সেনাল-ম্যানসিটি, বাদ পড়ল কারা?
শেষের পথে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৫/২৬ মৌসুম। একই ধারায় রয়েছে ইউরোপের শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগও। শেষ সময়ে এসে হিসাব-নিকাশ শুরু হয়েছে শিরোপার। প্রিমিয়ার লিগে অবশ্য খুব বেশি দল সেই সুযোগ পাচ্ছে না।
প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের মধ্যে। শেষ পর্যন্ত এই দুই দলের মধ্যেই চূড়ান্ত হবে এবারের আসরের শিরোপা জয়ী দল।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল বলছে, ৩৪ ম্যাচ খেলে ২২ জয় আর ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
বাকি দলগুলোর মধ্যে ৬০ পয়েন্টও নেই আর কোনো দলের। ফলে শিরোপার দৌড়েও তারা নেই। সমান ৫৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, চার নম্বরে লিভারপুল, পাঁচ নম্বরে আছে অ্যাস্টন ভিলা।
লিগে এখন বাকি পাঁচ রাউন্ড। আর্সেনালেরও বাকি এই পাঁচ ম্যাচই। তবে ৩১তম রাউন্ডে ম্যানচেস্টার সিটির ম্যাচ স্থগিত হওয়ায় তাদের বাকি ছয়টি ম্যাচ। শিরোপার লড়াইয়ে এখন দুই দলের সামনেই কঠিন পরীক্ষা বাকি।
অন্যদিকে, টেবিলের তলানিতে থেকে রেলিগেশন জোনে আছে উলভারহ্যাম্পটন, বার্নলি আর টটেনহাম হটস্পার। এর মধ্যে বার্নলি আর উলভারহ্যাম্পটনের রেলিগেশন এড়ানোর আর কোনো সুযোগ নেই। বার্নলির পয়েন্ট ৩৪ ম্যাচে ১৭ আর উলভারহ্যাম্পটনের সমান ম্যাচে ২০ পয়েন্ট।

স্পোর্টস ডেস্ক