লিটনের অসাধারণ সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
সঙ্গীরা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তবে, লিটন দাস সেসবকে থোড়াই কেয়ার করেছেন। বাংলাদেশের ক্রিকেটে টেকনিক্যালি সবচেয়ে সুন্দর ব্যাটারদের একজন লিটন। প্রমাণ দিলেন আজ আবার। প্রকৃতিঘেরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক। পাকিস্তানের বিপক্ষে তৃতীয়।
লিটনের অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ছাড়িয়েছে আড়াইশ। অথচ, একটা সময় মনে হচ্ছিল ২০০ রানের আগেই বুঝি অলআউট হবে স্বাগতিকরা।
তৃতীয় সেশনে তাইজুলের পর বিদায় নিয়েছেন তাসকিনও। ৭ রান করে খুররাম শাহজাদের বলে সালমান আগার হাতে ক্যাচ দেন তাসকিন। লিটন এখন ছুটছেন শরীফুলকে নিয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭৫ ওভারে ৮ উইকেটে ২৭১ রান। দ্রুত রান তুলছেন লিটন। ইতোমধ্যে ১২০ করেছেন তিনি।
৬ উইকেটে ১৬৮ রান নিয়ে তৃতীয় সেশন শুরু করে বাংলাদেশ। তবে, বেশিক্ষণ থাকতে পারেননি তাইজুল। সাজিদ খানের বলে বোল্ড হন ১৬ রানে। বাংলাদেশের রান তখন ১৭৬। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৪ ওভারে ৭ উইকেটে ২১৪। লিটন ব্যাট করছেন ৭৫ রানে।
ষষ্ঠ উইকেটের পতন ঘটে ১১৬ রানে। মেহেদী হাসান মিরাজ বিদায় নিলে হাল ধরার মতো একজনই টিকে থাকেন। লিটন দাস হাল ধরেছেনও। তাইজুল ইসলামকে নিয়ে দ্বিতীয় সেশনের বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়েছিলেন।
মধ্যাহ্ন বিরতির আগেই নেই তিন উইকেট। তবু, আশা ছিল। ক্রিজে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। কিন্তু, তারাও ব্যর্থ। লাঞ্চ থেকে ফিরে দ্রুতই উইকেট হারাল বাংলাদেশ। প্রথম দিনের দ্বিতীয় সেশনে সবার আগে সাজঘরে ফেরেন শান্ত। ২৯ রান করে মোহাম্মদ আব্বাসের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন। তাতে ভাঙে মুশফিকের সঙ্গে ৪৩ রানের জুটি। ২৩ রান করে মুশফিক আউট হন খুররাম শাহজাদের বলে। ষষ্ঠ ব্যাটার হিসেবে মেহেদী হাসান মিরাজকেও (৪) বিদায় করেন খুররাম।
সকালের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে হারাতে হয় দ্বিতীয় উইকেট। পাঁচ ইনিংস পর ফিফটির আগে আউট হয়ে বিপদ খানিক বাড়িয়ে দেন অভিজ্ঞ মুমিনুল হক। খুররাম শাহজাদের বলে বোল্ড হওয়ার আগে ২২ রান করেন মুমিনুল।
প্রথম ইনিংসের দ্বিতীয় বলে মোহাম্মদ আব্বাসের ডেলিভারিতে স্লিপে সালমান আগার হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান জয়। রানের খাতা খোলার আগেই নেই উইকেট। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও ফিরিয়েছেন আব্বাস। ১০ম ওভারে শেষ বলে আব্বাসকে ফিরতি ক্যাচ দেন তামিম। ৪৪ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। ফেরার আগে ২৬ রান আসে অভিষিক্ত তামিমের ব্যাট থেকে।
দিনের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে দ্বিতীয় ও শেষ টেস্ট। আজ শনিবার (১৬ মে) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সফরকারীদের সামনে ম্যাচটি মান রক্ষার।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে পড়া সাদমান ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। পেসার ইবাদত হোসেনকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে।

স্পোর্টস ডেস্ক