প্রথম দিন শেষে ২৫৭ রানে এগিয়ে বাংলাদেশ
সিলেট টেস্টের প্রথম দিন শেষে আজ এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আজ শনিবার (১৬ মে) বাংলাদেশ অলআউট হয়েছে ২৭৮ রানে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে সাবধানী ছিলেন পাকিস্তান ওপেনাররা। ৬ ওভারে ২১ রান যোগ করেছেন কোনো উইকেট না হারিয়ে। আজান আওয়াইজ ১৩ এবং আব্দুল্লাহ ফজল ৮ রান নিয়ে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের প্রাপ্তি লিটনের সেঞ্চুরি। এটি তার ষষ্ঠ টেস্ট শতক। পাকিস্তানের বিপক্ষে তৃতীয়। লিটন ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউ। হাসান আলীর বলে আব্দুল্লাহ ফজলের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৫৯ বলে ১৬টি চার ২টি ছক্কায় ১২৬ করেন লিটন।
টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসের দ্বিতীয় বলে মোহাম্মদ আব্বাসের ডেলিভারিতে স্লিপে সালমান আগার হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান জয়। রানের খাতা খোলার আগেই নেই উইকেট। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও ফিরিয়েছেন আব্বাস। ১০ম ওভারে শেষ বলে আব্বাসকে ফিরতি ক্যাচ দেন তামিম। ৪৪ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। ফেরার আগে ২৬ রান আসে অভিষিক্ত তামিমের ব্যাট থেকে।
পাঁচ ইনিংস পর ফিফটির আগে আউট হয়ে বিপদ খানিক বাড়িয়ে দেন অভিজ্ঞ মুমিনুল হক। খুররাম শাহজাদের বলে বোল্ড হওয়ার আগে ২২ রান করেন মুমিনুল।
লাঞ্চ থেকে ফিরে দ্রুতই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম দিনের দ্বিতীয় সেশনে সবার আগে সাজঘরে ফেরেন শান্ত। ২৯ রান করে মোহাম্মদ আব্বাসের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন। তাতে ভাঙে মুশফিকের সঙ্গে ৪৩ রানের জুটি। ২৩ রান করে মুশফিক আউট হন খুররাম শাহজাদের বলে। ষষ্ঠ ব্যাটার হিসেবে মেহেদী হাসান মিরাজকেও (৪) বিদায় করেন খুররাম।
তৃতীয় সেশনের শুরুতে বিদায় নেন তাইজুল। তাইজুলের পর বিদায় নিয়েছেন তাসকিনও। ৭ রান করে খুররাম শাহজাদের বলে সালমান আগার হাতে ক্যাচ দেন তাসকিন। শরীফুল অপরাজিত থাকেন ১২ রানে।
পাকিস্তানের পক্ষে শাহজাদ ৪টি এবং আব্বাস নেন ৩ উইকেট। হাসান আলীর শিকার ২টি।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
বাংলাদেশ প্রথম ইনিংস : ৭৭ ওভারে ২৭৮/১০ ( জয় ০, তামিম ২৬, মুমিনুল ২২, শান্ত ২৯, মুশফিক ২৩, লিটন ১২৬, মিরাজ ৪, তাইজুল ১৬, তাসকিন ৭, শরীফুল ১২*, নাহিদ ০; আব্বাস ১৬-৩-৪৫-৩, শাহজাদ ১৭-১-৮১-৪, হাসান ১১.৫-১-৪৯-২, সালমান ১.১-০-১-০, সাজিদ ৩১-১-৯৬-১)
পাকিস্তান : ৬ ওভারে ২১/০* (আজান ১৩, আব্দুল্লাহ ৮; তাসকিন ২-০-৮-০, শরীফুল ২-১-৬-০, মিরাজ ১-১-০-০, নাহিদ ১-০-৭-০)

স্পোর্টস ডেস্ক