সুযোগ নষ্ট করে ঘরের মাঠে ড্র করল অ্যাতলেটিকো
ম্যাচজুড়ে আক্রমণের বন্যা বইয়ে দিল অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু কখনো গোলরক্ষকের বাধা, আবার কখনো ক্রসবার—সব মিলিয়ে আর্সেনালের বিপক্ষে আক্ষেপে পুড়তে হয়েছে স্বাগতিকদের। ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলেও মাঠ ছাড়তে হলো ড্র করে।
বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠ মেত্রোপলিতানোতে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
খেলার প্রথমার্ধে দুই দলই ছিল বেশ সতর্ক ছিল। তবে ম্যাচের ৪৪তম মিনিটের মাথায় ভুল করে বসে অ্যাতলেটিকোর রক্ষণভাগ। বক্সের ভেতর আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশকে ফাউল করেন দাভিদ হান্সকো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্সেনালের ইয়োকেরেশ। পেনাল্টি থেকে জোরাল শটে গোল করে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
পিছিয়ে পড়ে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় অ্যাতলেটিকো। ম্যাচের ৫৬তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় তারা। আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেস।
সমতায় ফেরার পর আর্সেনালকে চেপে ধরে অ্যাতলেটিকো। ম্যাচের ৬৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন অঁতোয়ান গ্রিজমান। কিন্তু তাঁর দুর্দান্ত শটটি ক্রসবারে লেগে ফিরে এলে স্তব্ধ হয়ে যায় গ্যালারি।
এরপর আদেমোলা লুকমান গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে রক্ষা করেন।
ম্যাচের ৭৮তম মিনিটে বক্সে আর্সেনালের এবেরেচি এজে ফাউলের শিকার হলে হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর দেখে পেনাল্টি দেওয়ার মতো যথেষ্ট কারণ খুঁজে পাননি রেফারি। ফলে বড় বিপদ থেকে বেঁচে যায় অ্যাতলেটিকো।
নিজেদের মাঠে জয়ের সুযোগ হারানোয় এখন বড় চ্যালেঞ্জের মুখে অ্যাতলেটিকো। আগামী মঙ্গলবার আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হবে ফিরতি লেগের ম্যাচ। সেই ম্যাচে যারা জিতবে, তারাই ফাইনালের টিকিট পাবে।

স্পোর্টস ডেস্ক