এগিয়ে থেকেও পথ হারাল চেলসি, হার এড়াল ম্যান ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের খোঁজে দারুণভাবে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু ২ গোলের লিড নিয়েও জয় পায়নি তারা। অন্যদিকে, হারের খুব কাছে গিয়েও নাটকীয়ভাবে এক পয়েন্ট উদ্ধার করেছে ম্যানইউ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চেলসি। আর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ।
লিগের ২৬ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান পঞ্চম।
ঘরের মাঠে লিডসের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চেলসির হাতেই। জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কোল পালমার।
২-০ গোলে এগিয়ে থাকা চেলসি যখন টানা পঞ্চম জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই প্রত্যাবর্তনের গল্প লিখে লিডস। লুকাস এনমেচার পেনাল্টি থেকে গোল লিডসকে লড়াইয়ে ফেরায়।
এরপর চেলসির রক্ষণভাগের ভুলে সমতাসূচক গোলটি করেন নোয়াহ ওকাফোর। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন পালমার, কিন্তু তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হতাশায় ডোবে ব্লুসরা।
এদিকে, টানা পাঁচ জয়ের লক্ষ্যে ওয়েস্ট হ্যামের মাঠে নেমেছিল মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচের ৫০ মিনিটে টমাস সোসেকের গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা।
এক সময় মনে হচ্ছিল ক্যারিকের অধীনে প্রথম হারের স্বাদ পেতে যাচ্ছে তারা। কাসেমিরো একবার জালে বল পাঠালেও ভিএআর (VAR) পরীক্ষায় তা অফসাইড ঘোষণা করা হয়।
তবে ইনজুরি টাইমের ৬ মিনিটে ম্যাজিক দেখায় ম্যানইউ। ব্রায়ান এমবেউমোর ক্রস থেকে দর্শনীয় এক ভলিতে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান বেঞ্জামিন সেসকো।

স্পোর্টস ডেস্ক