২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল
শিরোপার উপলক্ষ্য তৈরি করে রেখেছিল আর্সেনাল। ম্যানচেস্টার সিটি সেটিকে কতটা বিলম্বিত করতে পারে অপেক্ষা ছিল সেটিই দেখার। লম্বা হলো না আর্সেনালের সেই অপেক্ষার প্রহর। পরের ম্যাচেই বোর্নমাউথের বিপক্ষে হোচট খেল ম্যানসিটি। আর ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শিরোপা নিশ্চিত হয়ে গেল আর্সেনালের।
মঙ্গলবার (১৯ মে) দিনগত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এতেই শিরোপা পুনরুদ্ধারের আশা শেষ হয়ে গেল পেপ গার্দিওয়ালার দলের।
সর্বশেষ ২০০২-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আর্সেনাল। গত মৌসুমেও শিরোপার অনেক কাছেই ছিল গার্নাররা। কিন্তু শেষদিকে টানা ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া করে তারা।
এবারও শেষদিকে কিছুটা বাজে সময় পার করেছে আর্সেনাল। তবে সেটি শিরোপার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল।
আগের দিন বার্নলিকে হারানোর পর, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা কোনো রাখঢাক না করেই বলেছিলেন, সিটির বিপক্ষে ম্যাচে তিনিই বোর্নমাউথের ইতিহাসের ‘সবচেয়ে বড় সমর্থক’ থাকবেন। তার চাওয়া পূরণ হলো, দীর্ঘ প্রতীক্ষার পালা ফুরাল আর্সেনালের।
প্রিমিয়ার লিগে ৩৭ রাউন্ড শেষে ২৫ জয় ও সাত ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হলো আর্তেতার দলের। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানসিটি।

স্পোর্টস ডেস্ক