সিটিকে পেছনে ফেলে আবারও শীর্ষে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন তুঙ্গে। ম্যানচেস্টার সিটির সঙ্গে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছিল আর্সেনাল। একম্যাচ পরই সিটিকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল মিকেল আর্তেতার দল।
শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। ম্যাচের একমাত্র গোলটি করেন এবেরেচি এজে।
টানা দুই ম্যাচে বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটির কাছে হেরে বেশ চাপে ছিল গানাররা। তবে এই জয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করল আর্সেনাল।
এই জয়ের ফলে এক ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। একই দিনে সিটি এফএ কাপের ফাইনালে উঠলেও লিগ টেবিলের রাজত্ব হারিয়েছে।
আগামী সপ্তাহে ফুলহ্যামকে হারাতে পারলে সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে আর্সেনাল। কারণ সিটির পরবর্তী ম্যাচ আগামী ৪ মে এভারটনের বিপক্ষে। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচ হেরে নিউক্যাসল এখন টেবিলের ১৪ নম্বরে নেমে গেছে।
ম্যাচের শুরুতেই লিড নেয় আর্সেনাল। নবম মিনিটে কর্নার থেকে আসা বল নোনি মাদুয়েকে ও কাই হাভার্টজ হয়ে পৌঁছায় এবেরেচি এজের কাছে। বক্সের বাইরে থেকে জাদুকরী এক বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি।
চলতি মৌসুমে কর্নার থেকে এটি আর্সেনালের ১৭তম গোল, যা প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড। এছাড়া গত তিন মৌসুমে ডি-বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ১০টি গোল করার কৃতিত্ব এখন এককভাবে এজের দখলে।
আর্সেনাল সমর্থকদের জন্য বড় আনন্দের খবর বুকায়ো সাকার মাঠে ফেরা। ইনজুরি কাটিয়ে ৫ ম্যাচ পর তিনি বদলি হিসেবে নামলে গ্যালারিজুড়ে করতালির জোয়ার বয়ে যায়। কিন্ত সেই স্বস্তির মাঝেই আবার অস্বস্তি হয়ে এসেছে হাভার্টজ ও এজের চোট।
ম্যাচের প্রথমার্ধেই খুঁড়িয়ে মাঠ ছাড়েন হ্যাভার্জ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ ছাড়তে বাধ্য হন গোলদাতা এজে। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগেই অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এই দুই তারকার ইনজুরি কোচ আর্তেতাকে ভাবিয়ে তুলছে।

স্পোর্টস ডেস্ক