হলান্ড-শেহকির গোলে শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটি
টানটান উত্তেজনার মাঝে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি শেষ ষোলো বা সেরা আটে জায়গা করে নিল ম্যানচেস্টার সিটি।
বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলের সহজ জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ের ফলে কোনো প্লে-অফের ঝামেলা ছাড়াই পরের রাউন্ড নিশ্চিত করল সিটিজেনরা।
প্রাথমিক পর্বের ৮ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বর দল হিসেবে সরাসরি নকআউট পর্বে উঠল ম্যানচেস্টার সিটি। আর ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে লড়তে হবে গালাতাসারাইকে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সিটি। গোল পেতেও খুব বেশি সময় লাগেনি তাদের। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় জেরেমি ডোকুর পাস থেকে বাম পায়ের নিপুণ শটে বল জালে জড়ান গোলমেশিন খ্যাত আর্লিং হলান্ড।
১-০ গোলে এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় সিটিজেনরা। খেলার ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হায়ান শেহকি। এই গোলটিতেও ছিল ডোকুর দারুণ অবদান।
তবে বিরতির ঠিক আট মিনিট আগে বড় ধাক্কা খায় সিটি। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় দারুণ ফর্মে থাকা জেরেমি ডোকুকে। তার পরিবর্তে মাঠে নামেন ফিল ফোডেন।
প্রথমার্ধে সেভাবে লড়াই করতে না পারলেও বিরতির পর গালাতাসারাই বেশ কয়েকবার সিটির রক্ষণে হানা দেয়। তবে গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান সিটির গোলরক্ষক।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটিও ব্যবধান বাড়ানোর কিছু সুযোগ হাতছাড়া করে। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক