উজবেকিস্তানের সঙ্গে ড্র করে বিরতিতে বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব চলছে। বাংলাদেশ আছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপের খেলা হচ্ছে উজেবেকিস্তানে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দল। ম্যাচে শুরুতেই বাংলাদেশ লিড নিলেও সেটি ধরে রাখতে পারেনি। ডিফেন্সের ভুলে গোল হজম করে ড্র কেরে বিরতিতে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উজবেকিস্তানের দোস্তলিক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে প্রথমার্ধে শেষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। সেটার ফলাফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ।
মাঝমাঠ থেকে ফাতিমা আক্তার ক্রস বাড়ান ডানপ্রান্তে। সেই বল ধরে বক্সের মধ্যে ঢুকে পড়েন বাংলাদেশের ফরোয়ার্ড পূর্ণিমা মারমা। তাকে আটকাতে গোলরক্ষক এগিয়ে গেলে চিপ করে গোলমুখে ক্রস বাড়ান তিনি। টোকা দিয়ে সেটি জালে জড়িয়ে দেন আলমিনা আক্তার।
তবে বাংলাদেশের ডিফেন্সের ভুলে ম্যাচে সমতায় ফেরে উজবেকিস্তান। ম্যাচের ১৭তম মিনিটে সতীর্থের কাছ থেকে পাওয়া বল পাস করতে কিছুটা দেরি করে ফেলেন ডিফেন্ডার আইরিন খাতুন। তার ওপর প্রেশার তৈরি করে সেটি কেড়ে নিয়ে দারুণ শটে বল জালে জড়ান উজবেক ফরোয়ার্ড। গোলরক্ষক মেঘলা ড্রাইভ দিলেও বলের নাগাল পাননি।
ম্যাচের ৩২তম মিনিটে গোলের সহজ সুযোগ মিস করে বাংলাদেশ। মিডফিল্ড থেকে বাড়ানো বল আটকাতে গোলবার ছেড়ে বেড়িয়ে এসেছিলেন উজবেকিস্তানের গোলরক্ষক। ফাঁকা বার পেয়েও সেই বলে পা ছোঁয়াতে পারেননি আল্পি আক্তার।
ম্যাচের ৩৭তম মিনিটে কর্নার থেকে সরাসরি অলিম্পিক গোলের চেষ্টা করেছিল উজবেকিস্তান। তাদের সেই প্রচেষ্টা আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণী। পরের মিনিটেই আবারও উজবেকিস্তানের দুর্বল প্রচেষ্টা সহজেই আটকে দেন গোলরক্ষক।
শেষ পর্যন্ত দুই দলই চেষ্টা করে গোল আদায় করতে না পারলে ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ আর স্বাগতিক উজবেকিস্তান।

স্পোর্টস ডেস্ক