অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন জ্যোতি
প্রথমবার দ্বিপাক্ষিক ওয়োনডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ক’দিন আগেই দেশ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। আগামীকাল শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।
এর আগে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কথা বলেছেন দলের প্রস্তুতি এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে।
অস্ট্রেলিয়ার কন্ডিশন বরাবরই বাংলাদেশিদের জন্য বেশ কঠিন হয়ে থাকে। তার ওপর বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা খুব একটা নাই বললেই চলে। বাংলাদেশ অধিনায়ক জানালেন, চেষ্টা করেছেন উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার।
জ্যোতি বলেন, ‘এখানে একেবারেই ভিন্ন কন্ডিশন। আমরা চেষ্টা করছি নিজেদের সেভাবেই প্রস্তুত করার। প্রস্তুতি ম্যাচ খেলে এবং অনুশীলন করে চেষ্টা করছি উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার। এখানে মাইন্ডসেটের ব্যাপার আছে। আমরা ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’
দল হিসেবে ভালো খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকেই চমকে দেওয়া সম্ভব বলে বিশ্বাস জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বর্তমানে মনোযোগ দেওয়াটাই বেশি জরুরি। আমাদের দল হিসেবে খেলতে হবে। আমরা বিশ্বাস করি, দল হিসেবে খেলতে পারলে এবং একটি ইউনিট হিসেবে পারফর্ম করতে পারলে যেকোনো দলকে চমকে দিতে পারি।’
কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও নিজেদের সামর্থ অনুযায়ী খেলতে চান বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি বলেন, ‘আমরা অনেক রোমাঞ্চিত এবং এখানে আসতে পেরে দারুণ খুশি। ভিন্ন কন্ডিশনে খেললে চ্যালেঞ্জ তো থাকবেই। তবে দল ভালো অবস্থায় আছে। এখানে প্রস্তুতি ম্যাচ খেলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সে সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। ক্রিকেট দলগত খেলা। আমাদের নিজেদের সামর্থ্য মাঠে তুলে ধরতে হবে।’
এই সিরিজ দিয়ে বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়েছেন ডেভিড হ্যাম্প। কোচকে নিয়ে জ্যোতি বলেন, ‘তিনি সবে মাত্র আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি মনে করি গত দুটি টুর্নামেন্টে আমরা তার সঙ্গে কাজ করেছি। যদিও এটি স্বল্প সময়ের জন্য, তবুও আমরা ভালো কাজ করছি। আমরা কেবল মুখিয়ে আছি কীভাবে দল হিসেবে আরও ভালো খেলতে পারি।’

স্পোর্টস ডেস্ক