জিরোনার কাছে হেরে রিয়ালকে ছোঁয়া হলো না বার্সার
আতলেতিকো মাদ্রিদের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি বার্সেলোনার। এর মধ্যেই নতুন করে ধাক্কা খেল বার্সেলোনা। কোচের ডাকে সাড়া দিয়ে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে উল্টো জিরোনার কাছেও হেরে বসেছে শিরোপাধারীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে লা লিগার ম্যাচে জিরোনার মাঠে তাদের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এই পরাজয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে ছোঁয়ার সুযোগ হাতছাড়া করল হান্সি ফ্লিকের দল।
২৪ ম্যাচে ১৯ জয়, ৩ ড্র আর ২ হারে ৬০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ১৯ জয়, এক ড্র আর ৪ হারে ৫৮ পয়েন্ট বার্সেলোনার।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও কাজের কাজ গোল করতে ব্যর্থ হয় বার্সা। পুরো ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা ২৬টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র চারটি।
বরাবরের মতো ভাগ্যও যেন মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের থেকে। বার্সার তিনটি প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে, যার মধ্যে ছিল লামিনে ইয়ামালের নেওয়া একটি পেনাল্টি কিকও। চলতি মৌসুমে এ নিয়ে মোট ২৪ বার বার্সার শট গোলপোস্টে বাধা পেল।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯তম মিনিটে বার্সাকে লিড এনে দেন তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি। জুল কুন্দের ক্রস থেকে দুর্দান্ত হেডে লা লিগায় নিজের প্রথম গোলটি করেন তিনি।
বার্সার এই আনন্দ স্থায়ী হয়েছে মাত্র দুই মিনিট। ৬১ মিনিটে কুবার্সির এক ভুলে বল পেয়ে যান ভ্লাদিস্লাভ, তাঁর পাস থেকে সহজ গোলে জিরোনাকে সমতায় ফেরান তমাস লেমা।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই জিরোনার ফ্রান বেলত্রান গোল করে বার্সার হার নিশ্চিত করেন। শেষ দিকে গোল শোধের আশায় কোচ লেভানদোভস্কিকে মাঠে নামালেও লাভ হয়নি।
যোগ করা সময়ে লেভানদোভস্কি একবার জালে বল পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে জিরোনার তরুণ ফরোয়ার্ড রোহা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও বার্সার জন্য তখন আর ফেরার সময় ছিল না।
চোট কাটিয়ে রাফিনিয়া একাদশে ফিরলেও মাঝমাঠের প্রাণভোমরা পেদ্রিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল বার্সাকে। দলের আক্রমণভাগে ধার না থাকায় এবং রক্ষণের ভুলে এমন হার মেনে নিতে হচ্ছে কাতালান সমর্থকদের। টানা দুই হারে এখন ব্যাকফুটে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক