বার্সা সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা
বার্সেলোনা ফুটবল দলের সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হুয়ান লাপোর্তা। পদত্যাগ করেছেন তিনি। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। লাপোর্তার সঙ্গে তার বোর্ডের আরও কয়েকজন সদস্য দায়িত্ব ছেড়েছেন।
২০২১ সালের মার্চে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন লাপোর্তা। ক্লাবটির সংবিধি অনুযায়ী প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি। আগামী সাড়ে তিন মাস সহ-সভাপতি রাফা ইউস্তে অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে। এই বোর্ডের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন।
লাপোর্তার সঙ্গে তার নির্বাহী কমিটির আরও আট সদস্যও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে ক্লাবের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামাজিক দায়িত্বে থাকা ব্যক্তিরাও রয়েছেন। এতে বোর্ডে তাৎক্ষণিক রদবদল শুরু হয়।
বার্সেলোনার বোর্ড সভায় লাপোর্তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। পাশাপাশি, আগামী ১৫ মার্চ বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। আসন্ন নির্বাচনে লড়বেন বলেই পদত্যাগ করেছেন লাপোর্তা।
আসন্ন নির্বাচনে লাপোর্তার প্রতিদ্বন্দ্বী কারা হবেন, সেটিও ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ভিক্তর ফন্ত, জাভি ভিয়াহোয়ানা ও মার্ক সিরিয়া।

স্পোর্টস ডেস্ক