আসন্ন নির্বাচনে ভোট দিচ্ছেন না মেসি
ভোটের আমেজ শুরু হয়েছে বার্সেলোনায়। আগামী ১৫ মার্চ ক্লাবটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। লিওনেল মেসির সঙ্গে বার্সোলোনার সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। আলোচনা উঠেছে, সাবেক ক্লাবের নির্বাচনে তিনি ভোট দেবেন কি না। মেসির ভোটে যে বদলাতে পারে অনেক হিসাব-নিকাশ।
সংবাদমাধ্যম ইয়াহু স্পোর্টস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জানিয়েছে, আপাতত ভোট নিয়ে মেসির কোনো চিন্তাভাবনা নেই। এখন পর্যন্ত পাওয়া খবর, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন না।
নির্বাচনে মেসির অংশ না নেওয়ার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে তার ব্যস্ত জীবন। ইন্টার মায়ামির হয়ে মাঠের ফুটবলে ব্যস্ত থাকায় আপাতত বার্সেলোনার রাজনীতির বাইরে থাকছেন তিনি। তাছাড়া, প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক তেমন একটা জোরালো নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বার্সেলোনা ফুটবল দলের সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হুয়ান লাপোর্তা। পদত্যাগ করেছেন তিনি। গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। লাপোর্তার সঙ্গে তার বোর্ডের আরও কয়েকজন সদস্য দায়িত্ব ছেড়েছেন। আসন্ন নির্বাচনে লড়বেন বলেই পদত্যাগ করেছেন লাপোর্তা।
২০২১ সালের মার্চে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন লাপোর্তা। ক্লাবটির সংবিধি অনুযায়ী প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি। আগামী সাড়ে তিন মাস সহ-সভাপতি রাফা ইউস্তে অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে। এই বোর্ডের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন।

স্পোর্টস ডেস্ক