ফিফার দেওয়া মেসির ছবিতে ‘অ্যাংরি’ রিয়্যাক্টের ছড়াছড়ি
সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির ছবি প্রকাশ হলে ‘লাভ’ রিয়্যাক্টে ছেয়ে যায়। মাঠের জাদুকরি ফুটবলে ভক্তদের মধ্যমণি হয়ে ওঠা মেসি এবার অন্য দিকও দেখলেন। তার ছবি প্রকাশিত হয়েছে, অথচ সেখানে ভালোবাসার বদলে রাগের বহিঃপ্রকাশ। আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর ফিফার দেওয়া ছবিতে দেখা গেছে এমন চিত্র।
বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে ৩-২ গোলে মিসরকে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে গোল করে ও করিয়ে নায়ক বনে যান মেসি। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যাচসেরার পুরস্কার হাতে মেসির সেই ছবি প্রকাশ করা হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে রিয়্যাক্টের সংখ্যা প্রায় ৪ লাখ ৯০ হাজার। যার মধ্যে ৩ লাখ ২০ হাজার 'অ্যাংরি’ রিয়্যাক্ট। প্রায় ৭০ শতাংশ। এই সংখ্যা যে বাড়বে, সেটি বলার অপেক্ষা রাখে না।
মন্তব্যের ঘরেও ম্যাচের বাজে রেফারিং নিয়ে আলোচনা করতে দেখা যায় অনেককে। একজন লিখেছেন, ‘আর্জেন্টিনাকে হারানো সহজ, কিন্তু ফিফাকে হারানো কঠিন।’
আরেকজনের মন্তব্য— ‘মনে হচ্ছিল আর্জেন্টিনা একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে নেমেছেন। তিনি হচ্ছেন রেফারি।’
আরেকজন লেখেন, ‘সবাই জানে আসল ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে রেফারি।’

স্পোর্টস ডেস্ক