কোন পথে নেইমারের ভবিষ্যৎ, কী বলছে দল?
বিশ্বকাপের শেষ ষোলো থেকেই ব্রাজিলের বিদায়। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই দেশের ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নেইমারের ভবিষ্যৎ। জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেও পেশাদার ক্লাব ফুটবল চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। আর এই অনিশ্চয়তার মধ্যেই তাকে নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে তার বর্তমান ক্লাব সান্তোস।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বিরতির পর প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই দল সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন সান্তোসের প্রধান কোচ কুকা। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে মৌসুমের দ্বিতীয় ভাগের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের মানসিক ধাক্কা সামলে ওঠার সুযোগ দিতে নেইমারকে কয়েক দিনের ছুটি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ছুটি শেষে তাঁর ভবিষ্যৎ নিয়ে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। তবে সেই বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। একই সঙ্গে অনুশীলনে তাঁর ফেরার সময়সূচিও চূড়ান্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত আরও দশ দিন বিশ্রামে থাকবেন ব্রাজিলিয়ান এই তারকা।
নেইমারের অনুপস্থিতি মাথায় রেখেই মৌসুমের বাকি ম্যাচগুলোর প্রস্তুতি শুরু করেছে সান্তোস। আগামী ১৬ তারিখ ব্রাজিলিয়ান লিগের ১৯তম রাউন্ডে এঞ্জেনহাও স্টেডিয়ামে বোটাফোগোর মুখোমুখি হবে দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কোচ কুকা।
এখন সবার নজর একটাই প্রশ্নে—ছুটি শেষে নেইমার কি সান্তোসে ফিরবেন, নাকি ক্লাব ও আন্তর্জাতিক অধ্যায়ের পর তার ক্যারিয়ারে যুক্ত হবে নতুন মোড়? উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।

স্পোর্টস ডেস্ক