বিশ্বকাপ শেষে নতুন বিতর্কে নেইমার
ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। চোট কাটিয়ে দলে ফেরা কিংবা পারফরম্যান্স— সবকিছু নিয়েই সমর্থকদের ছিল বিস্তর অভিযোগ। এর মধ্যেই নতুন আরেক বিতর্কের জন্ম দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ শেষে মাঠের ফুটবলকে কয়েক দিনের জন্য বিদায় জানিয়ে নেইমার এখন ব্যস্ত সময় পার করছেন পোকার টেবিলে। লাস ভেগাসে একটি পোকার টুর্নামেন্টে দেখা গেছে নেইমারকে।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার বিশ্বের অন্যতম সেরা পোকার টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার’-এর একটি ইভেন্টে অংশ নিয়েছেন। যেখানে প্রতিটি খেলোয়াড়কে অংশ নিতে গুনতে হয় ১০ হাজার ডলার।
বিশ্বকাপ শেষে নেইমার বলেছিলেন, ‘এই মেটলাইফ স্টেডিয়ামে আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’ তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিদায় জানাননি তিনি। অন্যদিকে, সান্তোসেও নেইমারের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু যখন এখনো অনিশ্চিত, ব্রাজিলিয়ানরা হারের বেদনায় এখনো মুমূর্ষু– ঠিক তখন এমন একটি টুর্নামেন্টে নেইমারের উপস্থিতি ব্রাজিলের অনেক ভক্তকে ভীষণ হতাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, টেবিলের সামনে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে পোকার খেলছেন নেইমার। ভিডিওটি সামনে আসতেই সমর্থকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনেক সমর্থকের মতে, দেশের হয়ে এমন একটি হতাশাজনক বিশ্বকাপ পার করার পর পোকার টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ একেবারেই বেমানান। ভক্তদের ধারণা, দলের বিদায়ের শোক কাটিয়ে ওঠার আগেই এমন একটি জায়গায় তার উপস্থিতি ভক্তদের মাঝে ভুল বার্তা দিচ্ছে।

স্পোর্টস ডেস্ক