কোয়ার্টার ফাইনালের আগে দুঃসংবাদ নরওয়ে শিবিরে
শেষের পথে বিশ্বকাপ। ৪৮ দলের টুর্নামেন্ট ঠেকেছে ৮ দলে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। দলগুলোর সামনে এখন বাঁচা-মরার লড়াই। হারলেই কাটতে হবে দেশে যাওয়ার টিকিট। এমন সমীকরণে ইউরোপের দেশ নরওয়ের সামনে অপেক্ষায় ইংল্যান্ড।
আগামী ১১ জুলাই বাংলাদেম সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে দুই দলের এই লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট আর অনিশ্চয়তা একসঙ্গে চাপে ফেলেছে নরওয়েকে।
নরওয়ের সংবাদমাধ্যম ডাগব্লাদেত জানিয়েছে, নরওয়ের প্রথম একাদশের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে দলের আক্রমণভাগের প্রধান ভরসা আর্লিং হলান্ডের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তার না থাকা বা পুরো ফিট না থাকা দলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে।
নরওয়ের কোচিং স্টাফ জানিয়েছে, ম্যাচের আগ পর্যন্ত খেলোয়াড়দের ফিটনেস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে কারা মাঠে নামতে পারবেন। প্রয়োজনে বিকল্প কৌশল নিয়েও প্রস্তুত থাকছে তারা।
ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দলের এই অবস্থার কথা নিশ্চিত করেছেন গোলরক্ষক নিয়ল্যান্ড। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে খবরটি সত্যি। আমাদের কিছু সমস্যা হয়েছে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে দলীয় চিকিৎসক খুব ব্যস্ত।’
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। শক্ত প্রতিপক্ষদের হারিয়ে আত্মবিশ্বাসী থাকলেও, এমন গুরুত্বপূর্ণ সময়ে চোট সমস্যা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
নকআউট পর্বে ছোট একটি ঘাটতিও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তাই এই মুহূর্তে নরওয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের সেরা একাদশকে পুরোপুরি ফিট রাখা।
সব কিছু ঠিক থাকলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চায় নরওয়ে। তবে শেষ পর্যন্ত কারা খেলবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কোয়ার্টার ফাইনালের আগে।

স্পোর্টস ডেস্ক