ফ্রান্স নাকি মরক্কো, কারা জিতবে? জানাল সুপারকম্পিউটার
সময় যত গড়াচ্ছে বিশ্বকাপের উত্তেজনা যেন ততই বাড়ছে। দলগুলোর সামনে এখন অপেক্ষা করছে বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর মরক্কো।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দনগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
অপ্টার সুপারকম্পিউটারে ২৫ হাজার বার সিমুলেশন করার পর এ ম্যাচে এগিয়ে রাখছে ফ্রান্সকে। সুপারকম্পিউটার জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। বিপরীতে, মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬.২ শতাংশ। আর ড্র হয়ে খেলা অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২২.১ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স। এখন পর্যন্ত মোট ছয়বার মুখোমুখি হয়েছে ফ্রান্স আর মরক্কো। যেখানে শতভাগ জয়ের রেকর্ড ফ্রান্সের। চারবার জিতেছে ফরাসিরা আর দুইবার হয়েছে ড্র। বিশ্বকাপের মঞ্চে একবারই দেখা হয়েছে দুই দলের। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের দেখায় ২-০ গোলে জিতেছিল ফ্রান্স।
তবে পরিসংখ্যানই সব নয়। এবারের বিশ্বকাপে অনেক অঘটনই দেখা গেছে। মরক্কোও আছে নিজেদের সেরা ফর্মে। ইতোমধ্যে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক