জয়ের রাতেও অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম মেসির
নাটকীয়ভাবে মিসরকে ৩–২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে দলের জয়ের রাতেও ব্যক্তিগতভাবে হতাশার একটি রেকর্ডে নাম লিখিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। শেষ ষোলোর ম্যাচে আবারও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি।
ম্যাচের শুরুতেই ইয়াসের ইব্রাহিমের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর ১২তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বক্সের ভেতরে ফাউলের পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক নিতে আসেন মেসি। তবে তার নিচু শট ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।
এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও স্পটকিক থেকে গোল করতে পারেননি তিনি। ফলে টাইব্রেকার বাদ দিলে এক বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপে এর আগেও পেনাল্টি মিসের তিক্ত অভিজ্ঞতা রয়েছে মেসির। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে তার শট ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক হানেস হালদোরসন। ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। এবার ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করে নতুন এক রেকর্ডের মুখোমুখি হলেন।
বিশ্বকাপের ইতিহাসে এখন পেনাল্টি মিসে সবার ওপরে মেসি। এবারের বিশ্বকাপ শুরুর আগে দুটি করে পেনাল্টি মিস করে ঘানার ফুটবলার আসামোয়া জিয়ানের সঙ্গে পেনাল্টি মিসের তালিকায় যৌথভাবে সবার ওপরে ছিলেন। এবার এককভাবে সেই রেকর্ড এখন মেসির।
তবে ব্যক্তিগত এই হতাশা শেষ পর্যন্ত দলের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি। দুই গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩–২ গোলের জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। জয়ের আনন্দের মাঝেও পেনাল্টি মিসের এই রেকর্ড তাই মেসির জন্য থেকে গেল এক অপূর্ণতার গল্প।

স্পোর্টস ডেস্ক