যে নিয়মে বাতিল হলো নরওয়ের গোল
গোল হয়েছিল। কিন্তু স্কোরবোর্ডে যোগ হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের করা গোলটি ভিএআরের হস্তক্ষেপে বাতিল করে দেন রেফারি। কারণ, কর্নার নেওয়ার আগেই আর্লিং হালান্ডের করা একটি ফাউল। ২০২৬ বিশ্বকাপে কার্যকর হওয়া নতুন নিয়মের প্রথম প্রয়োগেই নরওয়ের আনন্দ মুহূর্তেই হতাশায় বদলে যায়।
ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধের নবম মিনিটে। কর্নার থেকে লেও হেগেম বল জালে জড়ানোর পর ভিএআরের পরামর্শে রিপ্লে দেখেন রেফারি। সেখানে দেখা যায়, বল ডি-বক্সে আসার আগেই ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে ফাউল করেছিলেন হালান্ড। এরপরই গোল বাতিল করে কর্নারটি পুনরায় নেওয়ার নির্দেশ দেন তিনি।
২০২৬ বিশ্বকাপ থেকে কার্যকর হওয়া ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নতুন নিয়ম অনুযায়ী, কর্নার, ফ্রি-কিক বা পেনাল্টি নেওয়ার আগে আক্রমণকারী দলের কোনো খেলোয়াড়ের ফাউল যদি পরবর্তী গোলের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়, তাহলে ভিএআরের সহায়তায় গোল বাতিল করে সেট-পিসটি পুনরায় নেওয়া যাবে।
ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক রেফারি ও বিশ্লেষক পিসি দে অলিভেইরা এই সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন। তার মতে, ডিফেন্ডার ও গোলরক্ষককে অবৈধভাবে ব্লক করার প্রবণতা ঠেকাতেই নতুন এই আইন চালু করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপে এই নিয়মে এটিই ছিল প্রথম গোল বাতিলের ঘটনা।

স্পোর্টস ডেস্ক