বাংলাদেশের হতাশা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান
পঞ্চাশ পেরোনোর আগেই প্রথম দুই জুটি ভেঙেছিলেন বাংলাদেশি বোলাররা। তবে এবার আর পারলেন না তারা। তৃতীয় উইকেট জুটিতে পঞ্চাশ ছুঁয়ে ফেলেছে আফগানিস্তান। দলীয় রানও ছাড়িয়েছে ১০০। এখন অনেকটা সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশা বাড়াচ্ছেন স্বাগতিক ব্যাটাররা।
আজ শনিবার (১০ অক্টোবর) আবুধবাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে আফগানিস্তান। এখনো তারা পিছিয়ে ২২৭ রানে। ১০০ বল খেলে ৫৫ রানে অপরাজিত আব্দুল মালিক আর ৫৩ বলে ২৬ রানে রহমত শাহ।
প্রথম উইকেট জুটিতে ৩০ আর দ্বিতীয় উইকেট জুটিতে ৩২ রান তুলেছিল আফগানিস্তান। এরপর আঘাত হেনেছিলেন হাসান মাহমুদ আর এবাদত হোসেন। তবে এরপর আর কার্যকর হতে পারছেন তারাও। তৃতীয় উইকেট জুটিতে ১০৪ বলে ৫৫ রান তুলে ফেলেছেন ওপেনার আব্দুল মালিক আর চার নম্বরে নামা রহমত শাহ।
এরই মধ্যে একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার আব্দুল মালিক। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম হাফসেঞ্চুরি।
এবার আফগান শিবিরে এবাদতের আঘাত
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে কৌশল বদলান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একপ্রান্ত থেকে আর অন্যপ্রান্ত থেকে পেস আক্রমণে আফগান ব্যাটারদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করে বাংলাদেশ। সেটার সুফলও এসেছে দ্রুতই। আফগান শিবিরে দ্বিতীয়বার আঘাত হেনেছে বাংলাদেশ।
ওপেনার সেদিকুল্লাহ অটল ফেরার পর দ্বিতীয় উইকেটে জুটি গড়ে এগিয়ে যাচ্ছিলেন আব্দুল মালিক আর শাহিদুল্লাহ কামাল। দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ বল খেলে ৩৪ রান তুলে ফেলেছিলেন তারা। মধাহ্ন বিরতি থেকে ফিরে সেই জুটি ভাঙলেন এবাদত হোসেন। ৪৪ বলে ২০ রান করা শাহিদুল্লাহ কামালকে ফেরান তিনি।
একপ্রান্ত আগলে রাখা ওপেনার আব্দুল মালিককে সঙ্গ দিতে এসেছেন রহমত শাহ।
হাসানের আঘাত নিয়ে মধ্যাহ্ন বিরতিতে আফগানিস্তান
ইনিংসের শুরু থেকেই আফগান ব্যাটারদের চেপে ধরছিলেন হাসান মাহমুদ। ইনিংসের নবম ওভারে সেটার সুফলও পেয়েছিলেন। ওপেনার সেদিকুল্লাহ অটলের ব্যাটে বল লেগে জমা হয় উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে। তবে বাংলাদেশের জোড়ালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশও রিভিউ নেয়নি। পরে রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে গ্লাভসে জমা হয়েছিল।
তবে সেই আফসোস বেশি সময় করতে হয়নি বাংলাদেশকে। নিজের পরের ওভারে এসেই উইকেট তুলে হাসান। ফেরান সেই অটলকেই। ইনিংসের ১১তম ওভারে হাসানের বলে স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অটল। ফেরার আগে ৩১ বলে ১৭ রান করেন আফগান ওপেনার।
এরপরই মধাহ্ন বিরতিতে যায় দুই দল। এর আগে ১৪ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে স্বাগতিক আফগানিস্তান।
নাঈম-তাইজুলের লড়াইয়ের পরও ৩৫০ রানের আগেই থামল বাংলাদেশ
৮ উইকেট হারিয়ে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৩৩ বলে ১১ রানে অপরাজিত থেকে নাঈম হাসান আর ১০ বলে ৪ রানে অপরাজিত থেকে মাঠে নেমেছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনে তাদের জুটি থেকে এসেছে ৩৩ বলে ১৮ রান। দিনের ষষ্ঠ ওভারে এসে তাইজুল ফিরলে ভাঙে সেই জুটি। ফেরার আগে ২০ বল থেকে ৯ রান করেন তিনি।
তাইজুল ফিরলে নাঈমকে সঙ্গ দিতে নামেন এবাদত হোসেন। তবে বেশি সময় উইকেটে টিকে থাকতে পারেননি এবাদত। ৭ বল খেলে কোনো রান না করেই ফিরে যান তিনি। এতে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ পর্যন্ত ৬৭ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন নাঈম।

স্পোর্টস ডেস্ক