রেফারিকে ‘জালিম’ বললেন মিসরের জিকো
এ যেন স্বপ্ন ভাঙার এক নির্মম গল্প। ৮০তম মিনিট পর্যন্ত দুই গোলের লিড। চোখে তখন কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সবকিছু উল্টে যায়। আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। আর এমন হৃদয়ভাঙা পরাজয়ের পর রেফারিকে 'জালিম' আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের ফরোয়ার্ড মোস্তাফা জিকো।
ম্যাচ শেষে এক টেলিভিশন অনুষ্ঠানে জিকো বলেন, ‘এটা ন্যায্য ছিল না। রেফারিই আমাদের হারের কারণ। পুরো ম্যাচে তার সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষেই গেছে।’ তার অভিযোগ, রেফারির ভুল সিদ্ধান্তের কারণেই দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি মিসর।
আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৮০তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু শেষ দিকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৩-২ ব্যবধানে জিতে তারা নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের জায়গা।
মিসরের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জিকো বলেন, ‘সমর্থকদের মুখে হাসি ফোটাতে খুব চেয়েছিলাম, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি। পারলাম না। এতে আমাদের কোনো দোষ ছিল না। এই রেফারি… মনে হচ্ছে ম্যাচটি আগে থেকেই নির্ধারিত ছিল। আমরা ২-০ ব্যবধানে এগিয়ে ছিলাম, আর তিনি একের পর এক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে দিচ্ছিলেন। মনে হচ্ছে আর্জেন্টিনার আরও একটি বিশ্বকাপ জয়ের জন্য আগাম অভিনন্দন জানানোই যায়।’
গ্রুপ পর্বে বেলজিয়ামের সঙ্গে ১-১, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ জয় এবং ইরানের সঙ্গে ১-১ ড্র করে শেষ ষোলোতে উঠেছিল মিসর।

স্পোর্টস ডেস্ক