৯৬ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন মেসি
আটলান্টা স্টেডিয়ামে যেন এক রূপকথার মঞ্চায়ন দেখল বিশ্ব। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিসরের বিপক্ষে যখন হার প্রায় নিশ্চিত, তখনই জ্বলে উঠলেন লিওনেল মেসি। তার জাদুকরী গোল আর শেষ মুহূর্তের নাটকীয়তায় মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল আর্জেন্টিনা।
এই গোলটি কেবল আর্জেন্টিনাকে জয়ের পথে ফেরায়নি, বরং ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করিয়েছেন মেসিকে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আসরে আর্জেন্টিনার গিয়ের্মো স্তাবিল এক আসরে আটটি গোল করার রেকর্ড গড়েছিলেন। ৯৬ বছর পর মেসি মিশরের বিপক্ষে গোল করে স্তাবিলের সেই ঐতিহাসিক রেকর্ডের পাশে নিজের নাম লিখিয়ে নিলেন।
চলতি আসরে এটি ছিল মেসির অষ্টম গোল। এই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপেও সবার ওপরে মেসি। এখন পর্যন্ত তিনিই একমাত্র ফুটবলার যিনি প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন। গোল্ডের বুটের দৌড়ে তার সঙ্গে থাকা কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড কিংবা হ্যারি কেইনরা অন্তত একটি ম্যাচে গোল মিস করেছেন।
অন্যদিকে, গোল্ডেন বুটের দৌড়েও আরও একধাপ এগিয়ে গেছেন মেসি। ৮ গোল নিয়ে চলতি আসরে সবচেয়ে বেশি গোল এখন মেসির। পেছনে ফেলেছেন এমবাপ্পে (৭), আর্লিং হলান্ড (৭) ও হ্যারি কেইনদের (৬)। সবার সামনেই ম্যাচ বাকি থাকায় গোল্ডেন বুটের লড়াই এখনো জমজমাট।
এই গোলটির মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২১-এ, যা তাকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে আরও সুসংহত অবস্থানে বসিয়েছে।

স্পোর্টস ডেস্ক