ঘাম ঝরানো জয়ে সেমিফাইনালে বার্সেলোনা
সেল্তা ভিগোর পর রিয়াল মাদ্রিদকেও হারিয়ে রীতিমতো উড়ছিল আলবাসেতে। এবার তাদের মাটিতে নামিয়ে আনল বার্সেলোনা। যদিও তাদের জন্যও কাজটা সহজ ছিল না। অনেক সুযোগ নষ্টের ম্যাচে ঘাম ঝরানো জয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে আলবাসেতের মাঠে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। সফরকারীদের হয়ে গোল দুটি করেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি শোধ করেন হাভিয়ের মোরেনো।
বল দখলের লড়াইয়ে আলবাসেতের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল বার্সেলোনা। পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি আক্রমণ চালায় কাতালানরা। তবে গোলের জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
ম্যাচের ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন লামিনে ইয়ামাল। মার্কাস রাশফোর্ডের পাস থেকে বল পেয়ে চমৎকার ভলিতে গোল করে বার্সাকে লিড এনে দেন ওয়ান্ডার কিড খ্যাত ইয়ামাল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরাউহো। এবারও গোলের যোগান দাতা রাশফোর্ড। এই ইংলিশ তারকার নেওয়া কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান আরাউহো। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল সহজেই জিতবে বার্সা। কিন্তু ম্যাচের শেষ দিকে শুরু হয় নাটকীয়তা।
ম্যাচের ৮৩ মিনিটে একবার বার্সার জালে বল পাঠায় আলবাসেতে। তবে অফসাইডের জালে কাটা পড়ে সেই গোল। এর চার মিনিট পরই গোল করে ম্যাচে উত্তেজনা ফেরায় আলবাসেতে। ৮৭ মিনিটে মোরেনোর ডাইভিং হেডে বল জড়ায় জালে গিয়ে।
যোগ করা সময়ে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল আলবাসেতে। তবে বার্সার গোলরক্ষক ও ডিফেন্ডার জেরার্দ মার্তিনের বীরত্বে গোললাইন থেকে বল ফিরে এলে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের।
শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক