ইতালির বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সুপার এইটে ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত ইতালির বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হলো শক্তিশালী ইংল্যান্ডকে। প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েও ইংলিশদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল ইতালি। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে ২৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে জস বাটলারের দল।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড—দুই দলই পরের রাউন্ডে চলে গেল।
পয়েন্ট টেবিলে বলছে, ৪ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৬। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে রান রেটে এগিয়ে শীর্ষে আছে ক্যারিবীয়রা। এই গ্রুপ থেকে স্কটল্যান্ড, ইতালি ও নেপালের বিদায় নিশ্চিত হয়ে গেল।
ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। দলের পক্ষে ঝোড়ো ব্যাটিং করেন উইল জ্যাকস। মাত্র ২২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
এছাড়া টম ব্যান্টন ৩০, ফিল সল্ট ২৮ এবং শেষ দিকে স্যাম কারান ২৫ ও বেথেল জ্যাকব ২৩ রান করে দলকে দুইশ পার করতে সাহায্য করেন।
২০৩ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই হোঁচট খায় ইতালি। তবে বেন মানেতির বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে তারা। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা মানেতি শেষ পর্যন্ত ২৫ বলে ৬০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন।
তাকে যোগ্য সঙ্গ দেন গ্রান্ট স্টেয়ার্ট (৪৫) ও জাস্টিন মোস্কা (৪৩)। এক সময় মনে হচ্ছিল ইতালি হয়তো অঘটন ঘটিয়ে ফেলবে, কিন্তু শেষ দিকে অভিজ্ঞ ইংলিশ বোলারদের তোপে ১৭৮ রানে থামে ইতালির ইনিংস।
ইংল্যান্ডের জয় নিশ্চিত করতে বল হাতে বড় ভূমিকা রাখেন জেমি ওভারটন ও স্যাম কারান। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া জোফরা আর্চার নেন ২ উইকেট।

স্পোর্টস ডেস্ক