নাটকীয় ম্যাচ হেরে প্লে-অফে নেমে গেল রিয়াল মাদ্রিদ
ব্যর্থতায় দায় কাঁধে নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিতে হয়েছে জাবি আলোনসোকে। নতুন কোচ আলভারো আরবেলোয়ারের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল স্প্যানিশ জায়ান্টদের। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিধ্বস্ত হলো বেনফিকার কাছে। সুযোগ হারিয়ে নেমে গেলো প্লে-অফে।
বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে লিসবনের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এ হারে সরাসরি নকআউট পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে রিয়াল। এখন শেষ ষোলোতে যেতে হলে তাদের প্লে-অফ বাধা পার হতে হবে।
পুরো ম্যাচে বল দখলে রিয়াল কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণের ধার বেশি ছিল বেনফিকার। তারা রিয়ালের গোলবার লক্ষ্য করে ১২টি শট নেয়, যার মধ্যে ৪টি সফল হয়।
ম্যাচের শুরুটা অবশ্য ভালোই করেছিল রিয়াল। ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় তারা। তবে এরপরই শুরু হয় বেনফিকার পাল্টা আক্রমণ। বিরতির আগেই রিয়ালের রক্ষণভাগকে এলোমেলো করে দিয়ে ম্যাচে ফেরে মরিনিয়োর শিষ্যরা। রিয়ালের হয়ে এমবাপ্পে জোড়া গোল করলেও দলের হার এড়াতে তা যথেষ্ট ছিল না।
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত বেনফিকা ৩-১ গোলে এগিয়ে ছিল। কিন্তু আসল নাটক শুরু হয় অতিরিক্ত সময়ে। মুহূর্তের ব্যবধানে রিয়ালের দুই খেলোয়াড় রাউল অ্যাসেন্সিও এবং রদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সুযোগে আক্রমণের ধার আরও বাড়ায় বেনফিকা।
খেলার একদম শেষ মুহূর্তে গোলপোস্ট ছেড়ে এসে এক ফ্রি-কিকে দুর্দান্ত হেডে গোল করে রিয়ালের জালে শেষ পেরেকটি ঠুকে বেনফিকার গোলরক্ষক আনাতোলি ট্রুবিন।
এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বেনফিকার কাছে হেরে এক ধাক্কায় ৯ নম্বরে নেমে গেছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়ম অনুযায়ী, টেবিলের প্রথম ৮টি দল সরাসরি শেষ ষোলোতে খেলবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোকে প্লে-অফ খেলে আসতে হবে।
অন্যদিকে, এই জয়ে প্লে-অফের শেষ দল হিসেবে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল বেনফিকা।

স্পোর্টস ডেস্ক