উইকেটে এত ঘাস!
টস করতে যাওয়ার সময় পিচ দেখে হয়তো অবাকই হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। কোনটা মাঠ আর কোনটা উইকেট, বোঝারই কোনো উপায় ছিল না। সব কিছুই সবুজ আর সবুজ। এমন উইকেটে খেলার অভিজ্ঞতা নিশ্চিতভাবেই খুব বেশি হয়নি বাংলাদেশের।
পেস-সহায়ক এই উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতেও কোনো ভুল করেননি আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো হয়নি টাইগারদের। শুরুতেই হারিয়ে বসেছে ওপেনার সৌম্য সরকার ও সাব্বির রহমানের উইকেট। আইরিশ পেসারদের বল খেলতেও ব্শে কষ্টই করতে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।
আগেই জানা ছিল, বাংলাদেশকে অত সহজে জিততে দেবে না আয়ারল্যান্ড। প্রস্তুতি ম্যাচে ভালো উইকেট বানালেও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের পরীক্ষা নিচ্ছেন আইরিশ বোলাররা। তামিম-সৌম্যদের সামনে পিটার চেজ বা টিম মুরটাগের চেয়েও শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছে ডাবলিনের মালাহাইডের সবুজ উইকেট।
প্রথম ওয়ানডে ম্যাচের উইকেটে দেখে মনে হচ্ছে, বেশ অনেকদিন ধরেই ঘাস ছাঁটা হয়নি। কেবল রোল করা হয়েছে। দুই দিকেই বল ঘোরাতে পারছেন আয়ারল্যান্ডের বোলাররা। উইকেটে পেসের সঙ্গে বাউন্সও রয়েছে।
এমন উইকেটের সুবিধা পেতে পারে বাংলাদেশও। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। তাসকিন, মুস্তাফিজের সঙ্গে আছেন অভিজ্ঞ রুবেল হোসেন। তামিম-মুশফিকরা স্কোরবোর্ডে মোটামুটি ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারলে আইরিশ ব্যাটসম্যানদেরও ভালো পরীক্ষা নেবেন টাইগার বোলাররা।

স্পোর্টস ডেস্ক