চোট নিয়ে যে বার্তা দিলেন নেইমার
দীর্ঘ প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বারবার চোটের আঘাতে মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।
সেই খুশি অবশ্য বেশি সময় টেকেনি নেইমারের। বিশ্বমঞ্চে মাঠে নামার ঠিক আগমুহূর্তে আবারও চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার ডান পায়ের মাংসপেশিতে (কাফ ইনজুরি) চোট পেয়েছেন তিনি। তবে নতুন এই চোট বিশ্বকাপে কোনো সমস্যা তৈরি করবে না বলে নিজেই আশাবাদী বার্তা দিয়েছেন নেইমার।
ডান পায়ের এই মাংসপেশির চোটের কারণে নিজের ক্লাব সান্তোসের হয়ে শেষ তিনটি ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। আজ বুধবার (২৭ মে) ব্রাজিলের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
গত মঙ্গলবার ভিলা বেলমিরো স্টেডিয়ামে কোপা সুদামেরিকানার ম্যাচে দেপোর্তিভো কুয়েনকাকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। গ্যালারিতে বসে ক্লাবের সেই ম্যাচ উপভোগ করার পর নিজের চোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন নেইমার। নিজের পায়ের দিকে ইঙ্গিত করে রসিকতার সুরে তিনি বলেন, ‘এই যে এখানে, এখনও সবকিছু অক্ষত আছে।’
এর আগে গত ১৭ মে করিতিবার বিপক্ষে সান্তোসের ৩-০ ব্যবধানে হারের ম্যাচটিতে খেলার সময় পায়ে আঘাত পেয়েছিলেন নেইমার। এই চোট আসন্ন বিশ্বকাপে তাঁর খেলায় কোনো বাধা তৈরি করবে কি না— এমন প্রশ্নে ৩৪ বছর বয়সী এই তারকা উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘কিসের সমস্যা? কোনো সমস্যাই হবে না।’
নেইমার নিজে শতভাগ আত্মবিশ্বাসী ও আশাবাদী হলেও ব্রাজিলের জাতীয় দলের মেডিকেল স্টাফরা তাকে নিয়ে বেশ সতর্ক। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শারীরিক অবস্থা বিবেচনা করে তার পুনর্বাসনের জন্য ইতোমধ্যে সুনির্দিষ্ট কর্মসূচি তৈরি করেছেন চিকিৎসকেরা।
এদিকে, ইএসপিএন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেইমারের ডান পায়ের মাংসপেশির ফোলাভাব বা চোট মোটেও ছোটখাটো কিছু নয়। এই চোট থেকে পুরোপুরি সুস্থ হতে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ প্রথমে যতটা সময়ের কথা বলেছিল, বাস্তবে তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে।
আর সেটি হলে আগামী ৩১ মে পানামা এবং ৫ জুন মিসরের বিপক্ষে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলা হচ্ছে না বললেই চলে।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে এবং চোট কাটিয়ে উঠলে মরক্কোর বিপক্ষেই মাঠে নামবেন নেইমার।

স্পোর্টস ডেস্ক