এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন নেইমার
সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। বারবার চোটের কারণে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয় না ২০২৩ সালের পর থেকে। সামনে ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ খ্যাত’ ফুটবল বিশ্বকাপ। কিন্ত তার বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিয়েই এখন যত আলোচনা।
তাই হয়ত মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তায় ব্রাজিলের জার্সিতে সর্বকারের সর্বোচ্চ গোলদাতা নেইমার। সেটার বহিঃপ্রকাশও দেখা গেছে সম্প্রতি। সান্তোসের অনুশীলনের সময় সতীর্থ রবিনহো জুনিয়রকে এক পর্যায়ে চড় মেরে বসেন নেইমার।
ঘটনা ক্লাবের ভেতরে থাকেনি। সেটি চলে আসে মিডিয়ায়। নতুন করে সমালোচনার মুখে পড়েন নেইমার। সেই ঘটনার জন্য এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্রাজিল তারকা। মঙ্গলবার (৫ মে) দিনগত রাতে কোপা সুদামেরিকানায় দেপোর্তিভো রিকোলার বিপক্ষে ম্যাচ শেষে ক্ষমা চান নেইমার।
ইসএসপিএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্ষমা চান নেইমার। এর আগে রবিনহো জুনিয়র ও তার পরিবারের কাছে ক্ষমা চাওয়ার কথা শোনা গিয়েছিল।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘অনুশীলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি শেষ পর্যন্ত মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছিলাম। এটি আমাদের নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার কথা ছিল। তবে ঘটনাটি ঘটার পরপরই ক্ষমা চাওয়া হয়েছিল, আমরা ড্রেসিংরুমে কথা বলেছি— রবিনহো জুনিয়র এবং আমি দুজনেই।’
নেইমারের মতে, ফুটবলে এমনটা ঘটতেই পারে। তিনি বলেন, ‘সে (রবিনহো) এমন একজন ছেলে, যার প্রতি আমার বিশেষ স্নেহ রয়েছে। ফুটবলে এমনটা ঘটে থাকে। আপনি আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে লড়াই করেন। আমি ফুটবলে আমার অনেক বন্ধুর সাথেই তর্ক করেছি।’
বিষয়টিকে অন্যরা অনেক বেশি অতিরঞ্জিত করে ফেলেছে বলে মনে করেন নেইমার। তিনি বলেন, ‘তারা যদি গণমাধ্যমের সামনে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করতে বলে, তবে এই যে আমি তা করছি। আমি আগেই তার কাছে এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি পুরো দলের সামনে ক্ষমা চেয়েছি, সে-ও ক্ষমা চেয়েছে। আমরা ভেবেছিলাম বিষয়টি মীমাংসা হয়ে গেছে, কিন্তু মাঝেমধ্যে মানুষ নাক গলায় এবং বিষয়টিকে অতিরঞ্জিত করে তোলে।’
রবিনহো জুনিয়র নিজেও জানিয়েছেন, সেই ঘটনার সমাধান হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ, সেটাই ঘটেছিল (মুখে চড় মারা)। তবে আমি যেমনটা বলেছি, সে সাথে সাথেই ক্ষমা চেয়েছিল। সে বুঝতে পেরেছিল যে, সে অনেক দূর চলে গেছে, কয়েকবার ক্ষমা চেয়েছে এবং আমি আগেই বলেছি যে, বিষয়টি সমাধান হয়েছে।’

স্পোর্টস ডেস্ক