ইতিহাস গড়ে বিদায় নেবেন মিসবাহ-ইউনিস?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্ট সিরিজে দারুণ দুটি মাইলফলক স্পর্শ করেছেন ইউনিস খান ও অধিনায়ক মিসবাহ-উল-হক। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ইউনিস পূর্ণ করেছেন ১০ হাজার টেস্ট রান। আর মিসবাহ ছুঁয়েছেন পাঁচ হাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটাতে আরো রোমাঞ্চ অপেক্ষা করছে অভিজ্ঞ এ দুই পাকিস্তানি ক্রিকেটারের জন্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে পাকিস্তান; প্রথমবারের মতো উইন্ডিজের মাটিতে জিতবে কোনো টেস্ট সিরিজ। সত্যিই তেমনটা করতে পারলে সেই ইতিহাস গড়ার সুখস্মৃতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারবেন মিসবাহ-ইউনিস।
টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ ব্যবধানের সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটিও দারুণ জমে উঠেছে। জয়ের সুযোগ আছে দুই দলের সামনেই। ড্রয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে মিসবাহ-ইউনিসরা নিশ্চিতভাবেই জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন তাঁদের বিদায়ী ম্যাচটি।
সে লক্ষ্যে শুরুটাও দারুণ হয়েছে পাকিস্তানের। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩০৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে একটি উইকেটও তুলে নিয়েছে মিসবাহর দল। গতকাল চতুর্থ দিনের খেলায় একেবারে শেষমুহূর্তে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। খেলেছে মাত্র সাত ওভার। দিনের শেষটা হয়েছে ওপেনার কাইরন পাওয়েলের উইকেট পতনের মধ্য দিয়ে। স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ৭ রান। অর্থাৎ আজ পঞ্চম ও শেষ দিনের খেলায় জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২৯৭ রান। অন্যদিকে, পাকিস্তানকে নিতে হবে নয়টি উইকেট। মোহাম্মদ আমির, ইয়াসির শাহরা যে রকম ফর্মে আছেন, তাতে সেটা মোটেও কঠিন বলে মনে হচ্ছে না।
শেষ আন্তর্জাতিক ম্যাচটাতে ব্যাট হাতেও খুব একটা খারাপ করেননি মিসবাহ-ইউনিস। দুই ইনিংস মিলিয়ে মিসবাহ করেছেন ৬১ রান। প্রথম ইনিংসে মিসবাহ খেলেছিলেন ৫৯ রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস। অন্যদিকে, ইউনিস প্রথম ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ১৮ রান। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর ৩৫ রানের ছোট্ট ইনিংসটি বেশ তাৎপর্যপূর্ণ ছিল পাকিস্তানের জন্য।

স্পোর্টস ডেস্ক