মিসবাহকে ম্যাচ রেফারি হওয়ার প্রস্তাব দিলেন পিসিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ইনিংসে ব্যাট করেছে ফেলেছেন মিসবাহ উল হক। তবে খুব সম্ভবত এত সহজে আন্তর্জাতিক ক্রিকেটে মিসবাহ অধ্যায় শেষ হচ্ছে না। কারণ অবসর নেওয়ার আগেই ম্যাচ রেফারি হওয়ার প্রস্তাব পেয়েছেন মিসবাহ উল হক। মিসবাহকে এমন প্রস্তাব করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
দেশটির একটি টেলিভিশন চানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেন, ‘পাকিস্তানের পক্ষ হতে মিসবাহকে ম্যাচ রেফারি হওয়ার প্রস্তাব দিয়েছি আমরা। আমাদের কাছে মনে হয়েছে এই কাজের জন্য মিসবাহই সবচেয়ে উপযুক্ত পাত্র।’
এর আগে পাকিস্তান থেকে আইসিসিতে কেউই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেননি। মিসবাহ এই প্রস্তাব গ্রহণ করলে তিনিই হবেন প্রথম পাকিস্তানি ম্যাচ রেফারি। শাহরিয়ার খান বলেন, আইসিসিতে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত কেউ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেননি। তবে সময় এসেছে এই পদে পাকিস্তানের হয়ে কারো প্রতিনিধিত্ব করার।’ শাহরিয়ার খান ঘটা করে বিষয়টি জানালেও এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ।
পাকিস্তান জাতীয় দল এই মূহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। আগের দুটি টেস্টের প্রথমটিতে জিতে সিরিজে লিড নেয় পাকিস্তান। এরপর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টেস্টে অবশ্য এখন সুবিধাজনক স্থানে রয়েছে পাকিস্তান। এই টেস্ট জিততে পারলে ইতিহাসে প্রথমবারের মতো ক্যারিবীয় মাটিতে টেস্ট সিরিজ জিতবে পাকিস্তান। মিসবাহর সঙ্গে এই টেস্টে খেলে অবসর নেবেন ইউনিস খানও।
৭৪ টেস্টে ৪৬.৯১ গড়ে ৫১৬১ রান করেছেন মিসবাহ। এ ছাড়া ১৬১ ওয়ানডে ম্যাচে ৫১২২ রান করেছেন পাকিস্তানকে সবচেয়ে বেশি টেস্ট জেতানো এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক